সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ০৯:৪৮ পিএম
নন্দিত টিভি
নজরুল বিশ্ববিদ্যালয়ে ফলাফলভিত্তিক শিক্ষা পদ্ধতি বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে ফলাফলভিত্তিক শিক্ষা পদ্ধতি বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

watermark
Jewel Hossain

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষকদের অংশগ্রহণে ফলাফলভিত্তিক শিক্ষা পদ্ধতি (আউটকাম বেজড এডুকেশন) বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে ‘বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের জন্য ফলাফলভিত্তিক শিক্ষা পদ্ধতির পাঠ্যক্রম প্রণয়ন ও বাস্তবায়ন’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। জরুরি কাজে ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে উচ্চশিক্ষার মানোন্নয়নে ফলাফলভিত্তিক শিক্ষা পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বিভাগে ইতোমধ্যে এ পদ্ধতি চালু হয়েছে। স্বল্প সময়ের মধ্যে অবশিষ্ট বিভাগগুলোতেও এটি চালু করা হবে।

তিনি আরও বলেন, আধুনিক বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার মান ও কার্যকারিতা নিশ্চিত করতে ফলাফলভিত্তিক শিক্ষা পদ্ধতি চালু করা হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয় যেন কোনো দিক থেকেই পিছিয়ে না থাকে, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এ সময় তিনি কর্মশালার সার্বিক সফলতা কামনা করেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মাদ ইমদাদুল হুদা। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী সাখাওয়াত হোসেন।

বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক গুণগত মান নিশ্চিতকরণ সেল (আইকিউএসি) আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক মো. তানজিল হোসেন। কর্মশালার উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. জাহিদুল ইসলাম।

এ সময় আইকিউএসি-এর অতিরিক্ত অধ্যাপক ড. তুষার কান্তি সাহাসহ বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের বিভিন্ন বিভাগের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট