সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ০৯:৩৮ পিএম
নন্দিত টিভি
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপিত

watermark
Jewel Hossain

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে বিশ্ব মাসসিক স্বাস্থ্য দিবস- ২০২৬ উদযাপিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে র‍্যালি ও সেমিনারের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

সকালে নতুন প্রশাসনিক ভবনের সামনে থেকে র‌্যালী শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনে গিয়ে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের চতুর্থ তলায় ‘নবযুগ’ কনফারেন্স কক্ষে ‘শুনুন, সংযোগ স্থাপন করুন, সহায়তা করুন: মানসিকভাবে সংগ্রামরত একজন মানুষকে কীভাবে সাহায্য করবেন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের জরুরি কাজে ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় সেমিনারের প্রধান অতিথি মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন উপস্থিত হতে পারেন নি। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মাদ ইমদাদুল হুদা।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মাদ ইমদাদুল হুদা বলেন, ‘মানুষকে মহান আল্লাহ আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা হিসেবে তৈরি করেছেন। মানুষ সামাজিক জীব। তবে বর্তমান ইন্টারনেট ও মোবাইলের আসক্তির কারণে বিশেষ করে তরুণ সমাজ অন্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। একে অন্যের সাথে ভাবের আদান-প্রদান কমে যাচ্ছে। ফলে মানুষের মাঝে এক অস্থিরতা ও একাকিত্ববোধ চলে আসছে। এর ফলে অনেকে হতাশায় নিমজ্জিত হচ্ছে এবং কেউ কেউ আত্মহননের পথও চেছে নিচ্ছে। অথচ আগে আমরা খেলতাম, গ্রন্থাগার থেকে বই নিয়ে পড়তাম। সময়ের সাথে সাথে আজ সময় কাটানোর পদ্ধতি পরিবর্তিত হচ্ছে। তোমাদেরকেও বই পড়া এবং খেলাধুলার অভ্যাসের দিকে ফিরে আসতে হবে। তোমাদের পরাজিত হলে চলবে না, হতাশাকে জয় করতে হবে। একে অপরের সাথে শেয়ার করতে হবে এবং শুনতে হবে। সবশেষ মনোচিকিৎসকের কাছে যেতে হবে।’

সেমিনারে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও শিশু মনোবিজ্ঞানী মেশকাত নওশিন কেয়া। তিনি মানসিক স্বাস্থ্য ভালো রাখতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আশরাফুল আলম। সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক আদিবা আক্তার।

উল্লেখ্য, প্রতিবছর ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন করা হয়। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস- ২০২৬-এর মূল প্রতিপাদ্য ‘অভিজ্ঞতার কথা শোনা: বাস্তব মানুষের কণ্ঠস্বর, বাস্তব পরিবর্তন’।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট