রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ০৯:৫৮ পিএম
নন্দিত টিভি
ককরোচ পার্টির হুঁশিয়ারি, চাপে কি মোদি সরকার?

ককরোচ পার্টির হুঁশিয়ারি, চাপে কি মোদি সরকার?

watermark
nonditotvnews

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশের বাধা, ব্যাপক আটকের অভিযোগ এবং আন্দোলনের নেতাদের গ্রেপ্তারের পরও বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। কারাগার থেকে মুক্তি পেয়েই তাঁরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং তা ছড়িয়ে দেওয়া হবে ভারতের বিভিন্ন এলাকায়।

ঘটনার সূত্রপাত ভোটার তালিকা নিয়ে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেয় ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি।

শনিবার বিক্ষোভ শুরুর পরই কঠোর অবস্থান নেয় পুলিশ। প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রায় তিন থেকে সাত হাজার আন্দোলনকারীকে আটক করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪৫টি মেট্রো স্টেশনে বিধিনিষেধ আরোপ এবং আড়াইশ ট্রেন বাতিলের কথাও উল্লেখ করা হয়েছে।

এ সময় আন্দোলনটির তিন নেতা—অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে আটক করে দিল্লি পুলিশ। প্রতিবেদনে বলা হয়েছে, বিমানে ওঠার পর তাঁদের আটক করা হয়।

রোববার, ১১ অক্টোবর সকালে আদালত তাঁদের শর্তসাপেক্ষে মুক্তি দেয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগামী এক বছর শান্তিশৃঙ্খলা ভঙ্গ না করার শর্ত দেওয়া হয়। তবে মুক্তির পর সিজেপি প্রধান অভিজিৎ দীপকে বলেন, আন্দোলন বন্ধ করার বিষয়ে তাঁরা কোনো মুচলেকায় সই করেননি। তাঁর দাবি, শান্তিপূর্ণ প্রতিবাদ করা প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। তাই আন্দোলন স্থগিত করার প্রশ্নই ওঠে না।

আন্দোলনের নেতারা পুলিশের পদক্ষেপের সমালোচনা করে বর্তমান পরিস্থিতিকে ১৯৭৫ সালের ভারতের জরুরি অবস্থার সঙ্গে তুলনা করেছেন। তাঁদের অভিযোগ, পুলিশ তরুণদের ভয় দেখাচ্ছে এবং আন্দোলনকারীদের পরিবারের সদস্যদেরও হুমকি দেওয়া হচ্ছে।

অন্যদিকে, ক্ষমতাসীন বিজেপি সরকার আন্দোলনকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছে। দলটির দাবি, বিরোধীদের উসকানিতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, গণতন্ত্রে প্রতিবাদ করার অধিকার সবার রয়েছে। তবে প্রতিবাদের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না।

সরকারের এই অবস্থানের মধ্যেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। তাঁদের বক্তব্য, ভোটার তালিকা নিয়ে অভিযোগের সমাধান এবং প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এখন দেখার বিষয়, এই বিক্ষোভ দিল্লির বাইরে কতটা ছড়িয়ে পড়ে এবং নির্বাচন কমিশন বা সরকারের পক্ষ থেকে এ বিষয়ে নতুন কোনো পদক্ষেপ নেওয়া হয় কি না।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট