শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ০৫:৪৩ পিএম
নন্দিত টিভি
স্তন ক্যান্সার নিয়ে লজ্জা নয়; সচেতনতায় ইবিতে গোলাপি শোভাযাত্রা

স্তন ক্যান্সার নিয়ে লজ্জা নয়; সচেতনতায় ইবিতে গোলাপি শোভাযাত্রা

watermark
Jewel Hossain

স্তন ক্যান্সার সচেতনতার মাস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে ক্যান্সার সচেতনতামূলক সংগঠন ক্যাপের (ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন) উদ্যোগে আয়োজিত এ কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমতাজ হোসেন ও ট্রেজারার প্রফেসর ড. ইদ্রিস আলী উপস্থিত ছিলেন।

‘যদি ক্ষতির কারণ লজ্জা হয়, তাহলে আর লজ্জা নয়’ স্লোগানে বিশ্ববিদ্যালয়ের আমবাগান থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও আয়োজক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় স্তন ক্যান্সারের আগাম শনাক্তকরণ ও সচেতনতার বার্তাসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন তারা।

শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের আমবাগানের মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, সময়মতো স্তন ক্যান্সার শনাক্ত করা গেলে অনেক জীবন বাঁচানো সম্ভব। এ রোগ নিয়ে সামাজিক সংকোচ ও ভুল ধারণা দূর করে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তারা।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘ক্যান্সার প্রতিরোধ ও এ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এটি নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। বিশেষ করে মেয়েদের মধ্যে এ ধরনের সচেতনতা ক্যান্সারের মতো ভয়াবহ রোগ মোকাবিলায় সহায়তা করবে।’

তিনি আরো বলেন, ‘সচেতনতামূলক কার্যক্রমটি শুধু এ অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে স্কুল-কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ব্যাপকভাবে ছড়িয়ে দেয়া প্রয়োজন। নারীশিক্ষার ক্ষেত্রেও এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

এ বিষয়ে আরো উদ্যোগ নিতে আয়োজকদের প্রতি আহ্বান জানান তিনি।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট