খুলনার চার থানায় বিশেষ অভিযান চলার মধ্যে পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রাতে একাকী চলাচল না করতে বলা হয়েছে তাঁদের।
শুক্রবার ৯ অক্টোবর খুলনা পুলিশ সুপার কার্যালয়ের জেলা বিশেষ শাখা—ডিএসবি থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান চলমান থাকার কথা উল্লেখ করা হয়েছে।
পুলিশের এই নির্দেশনার পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী হামলার ঘটনাকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। নির্দেশনায় বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিশেষ অভিযানসহ বিভিন্ন দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
এতে দায়িত্ব পালনের সময় সতর্ক থাকার পাশাপাশি রাতের বেলা একাকী চলাচল থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে অভিযান পরিচালনা ও অন্যান্য দায়িত্ব পালনের ক্ষেত্রে নিজেদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে বলা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ জন্য সংশ্লিষ্ট চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের—ওসিদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
খুলনা পুলিশ সুপার কার্যালয়ের জেলা বিশেষ শাখা থেকে জারি করা এ নির্দেশনার স্মারক নম্বর ৫০৬২।
তবে বিশেষ অভিযানকে কেন্দ্র করে নির্দিষ্ট কোনো হামলার আশঙ্কা রয়েছে কি না, কিংবা সাম্প্রতিক হামলার বিস্তারিত কী—তা নির্দেশনায় উল্লেখ করা হয়নি।