শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ০৩:০৮ পিএম
নন্দিত টিভি
দিল্লিতে বিমানের ভেতর থেকেই আটক সিজেপির শীর্ষ তিন নেতা

দিল্লিতে বিমানের ভেতর থেকেই আটক সিজেপির শীর্ষ তিন নেতা

watermark
nonditotvnews

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টি—সিজেপির শীর্ষ তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করেছে পুলিশ। দিল্লি বিমানবন্দরে তাঁদের বহনকারী উড়োজাহাজ অবতরণের পর বিমানের ভেতরেই এ অভিযান চালানো হয়।

শনিবার প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ঘোষণা দিয়েছিল সিজেপি। তবে কর্মসূচির অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। এরপরও নির্ধারিত সময়ে বিক্ষোভ শুরুর ঘোষণা দিয়েছিল দলটি।

কর্মসূচিতে যোগ দিতে মুম্বাই থেকে দিল্লিগামী বিমানে ওঠেন অভিজিৎ, সৌরভ ও আশুতোষ। স্থানীয় সময় সকাল ১০টা ১৯ মিনিটে বিমানটি অবতরণ করার পরপরই তাঁদের আটক করা হয়।

আটকের পুরো ঘটনা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সরাসরি সম্প্রচার করেন অভিজিৎ দীপকে। ভিডিওতে পুলিশকে বিমানের ভেতরে প্রবেশ করতে দেখা যায়। এ সময় সিজেপি নেতারা পুলিশের সঙ্গে তর্ক করেন। তাঁদের কেন বিমান থেকে নেমে আসা পর্যন্ত অপেক্ষা করা হয়নি, তা জানতে চান তাঁরা।

তিন নেতাকে আটকের পর সিজেপি এক বিবৃতিতে ঘটনাটিকে ‘স্বৈরাচারী কায়দায় আটক’ বলে উল্লেখ করে। দলটির অভিযোগ, শান্তিপূর্ণ বিক্ষোভের নেতৃত্বকে কর্মসূচিস্থলে পৌঁছানোর আগেই বাধা দেওয়ার উদ্দেশ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে আটক নেতাদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি দাবি করেছে দলটি।

এর আগে ইউটিউবার ও ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠি এবং সিজেপির আইনি শাখার প্রধান রত্না সিংহকেও তাঁদের বাড়ি থেকে আটক করার কথা জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভকে কেন্দ্র করে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত দিল্লি ও আশপাশের এলাকা থেকে এক হাজারের বেশি মানুষকে আটক করেছে পুলিশ। এ ছাড়া দিল্লির ৪৫টি মেট্রোস্টেশন বন্ধ, আড়াই শতাধিক ট্রেন বাতিল এবং বিভিন্ন সড়কে যানবাহনে ব্যাপক তল্লাশি চালানোর কথা বলা হয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট