গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে স্থানীয় পর্যায়ে সক্রিয় হয়েছেন আতিকুর রহমান আতিক। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সামাজিক কর্মকাণ্ডের কথা তুলে ধরে ইউনিয়নের মানুষের সমর্থন প্রত্যাশা করছেন তিনি।
আতিকুর রহমান আতিক জানান, প্রায় ১৭ বছরের রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। গাইবান্ধা জেলা ছাত্রদলের সাবেক সদস্য, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আপ্যায়নবিষয়ক সম্পাদক এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর।
চেয়ারম্যান নির্বাচিত হলে এরেন্ডাবাড়ী ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, নদীভাঙন প্রতিরোধ, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসার এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্ব দিতে চান তিনি।
আতিকুর রহমান আতিক বলেন, ইউনিয়নের উন্নয়ন শুধু রাস্তাঘাট ও অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের নিরাপত্তা, মানসম্মত শিক্ষা ও চিকিৎসাসেবা, কর্মসংস্থান এবং প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিক সুবিধা নিশ্চিত করাও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। জনগণের মতামত ও প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চান তিনি।
স্থানীয়দের মতে, এরেন্ডাবাড়ী ইউনিয়নের চরাঞ্চলে নদীভাঙন ও যোগাযোগব্যবস্থার দুর্বলতা দীর্ঘদিনের সমস্যা। পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান এবং মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করার প্রত্যাশাও রয়েছে এলাকাবাসীর।
আতিকুর রহমান আতিক বলেন, মানুষের পাশে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করতে চান। চেয়ারম্যান নির্বাচিত হলে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে এলাকার উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে এরেন্ডাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে আতিকুর রহমান আতিক তাঁর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতা তুলে ধরে ভোটারদের সমর্থন প্রত্যাশা করছেন। তবে শেষ পর্যন্ত ভোটাররা কাকে নেতৃত্বের জন্য বেছে নেবেন, তা নির্ধারিত হবে নির্বাচনের মাধ্যমে।