আগামী তিন মাসের মধ্যে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা নির্মূলে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি এমপি। কিশোরদের নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (১০ অক্টোবর) তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার চেয়ে সামাজিক আন্দোলন অধিক কার্যকর’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, কিশোরদের হাতে অস্ত্র নয়, বই ও শিক্ষা তুলে দিতে হবে। তাদের নিয়মিত বিদ্যালয়ে যাওয়া, পড়াশোনার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে জ্ঞান অর্জন এবং দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার সুযোগ নিশ্চিত করতে হবে। আজকের কিশোর-তরুণরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে।
তিনি বলেন, কিশোর গ্যাং প্রতিরোধ শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একক দায়িত্ব নয়। এ সমস্যা মোকাবিলায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, গণমাধ্যম, প্রযুক্তি প্ল্যাটফর্ম ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি শক্তিশালী ও দায়িত্বশীল সামাজিক আন্দোলন গড়ে তোলাও জরুরি।
সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ও নিয়ন্ত্রিত ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে নূরুল ইসলাম মণি বলেন, কিশোরদের অনলাইন কার্যক্রম নিরাপদ ও ইতিবাচক রাখতে পরিবারসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন হতে হবে। প্রযুক্তির অপব্যবহার রোধের পাশাপাশি এর ইতিবাচক ও শিক্ষামূলক ব্যবহার নিশ্চিত করতে হবে।
সম্প্রতি জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ প্রসঙ্গে চিফ হুইপ বলেন, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও শৃঙ্খলার বিষয়ে সুস্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। সরকার দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চায় এবং এ প্রক্রিয়া নিজেদের ঘর থেকেই শুরু করেছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করে ঐক্যবদ্ধভাবে জনগণের কল্যাণে কাজ করাই সরকারের মূল লক্ষ্য। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সরকারের কার্যকারিতা বজায় রাখতে দায়িত্বশীলতা, জবাবদিহিতা ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সরকারকে বিব্রত করতে কৃত্রিম সংকট সৃষ্টির যেকোনো প্রচেষ্টা মোকাবিলায় সবাইকে দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের স্থিতিশীলতা, শান্তি ও উন্নয়নের স্বার্থে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সরকার কোনো সমস্যার দায় এড়িয়ে যেতে চায় না; জনগণের প্রতি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির উদ্যোগের প্রশংসা করে চিফ হুইপ বলেন, তরুণ প্রজন্মকে যুক্তিনির্ভর চিন্তা, সহনশীলতা ও গঠনমূলক বিতর্কের সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের নেতৃত্বের গুণাবলি বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এ ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং বিরোধী দল হিসেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকরা অংশ নেন। প্রতিযোগিতায় মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।