শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১২:২০ পিএম
নন্দিত টিভি
কালীগঞ্জে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে গোলাবাড়ী জামে মসজিদের নির্মাণকাজ উদ্বোধন

কালীগঞ্জে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে গোলাবাড়ী জামে মসজিদের নির্মাণকাজ উদ্বোধন

watermark
Jewel Hossain

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গোলাবাড়ী জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। প্রায় ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে আধুনিক নকশায় নির্মিতব্য মসজিদটির নির্মাণকাজের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব খালেকুজ্জামান বাবলু। এ সময় তিনি মসজিদ নির্মাণের জন্য ব্যক্তিগত তহবিল থেকে ৬ লাখ টাকা অনুদান প্রদান করেন।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে গোলাবাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি মো. রুহুল আমিন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব খালেকুজ্জামান বাবলু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য মো. হারুন অর রশিদ ও উপজেলা যুবদলের সদস্য সচিব হাসানুর রহমান জুয়েল।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব খালেকুজ্জামান বাবলু বলেন, মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়, এটি মুসলমানদের ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও নৈতিক শিক্ষা চর্চার অন্যতম কেন্দ্র। একটি সুন্দর ও আধুনিক মসজিদ নির্মাণের মাধ্যমে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, ধর্মীয় ও জনকল্যাণমূলক কাজে সমাজের বিত্তবানসহ সবার এগিয়ে আসা উচিত। মসজিদ নির্মাণ একটি মহৎ কাজ উল্লেখ করে তিনি সামর্থ্য অনুযায়ী সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

খালেকুজ্জামান বাবলু বলেন, গোলাবাড়ী জামে মসজিদের নির্মাণকাজ সুন্দরভাবে সম্পন্ন হোক, এটাই তাঁর প্রত্যাশা। এ লক্ষ্যে তিনি ব্যক্তিগত তহবিল থেকে ৬ লাখ টাকা অনুদান দিয়েছেন এবং ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. রুহুল আমিন মোল্লা জানান, আধুনিক নকশায় নির্মিতব্য মসজিদটির দৈর্ঘ্য ৭১ ফুট ও প্রস্থ ৬১ ফুট। নির্মাণকাজ সম্পন্ন করতে আনুমানিক ১ কোটি ২০ লাখ টাকা ব্যয় হবে। এ জন্য তিনি এলাকাবাসী ও ধর্মপ্রাণ মুসল্লিদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

স্থানীয়রা জানান, মসজিদটির নির্মাণকাজ সম্পন্ন হলে এলাকার মুসল্লিরা উন্নত ও সুন্দর পরিবেশে নামাজ আদায়ের সুযোগ পাবেন। পাশাপাশি মসজিদটি এলাকার ধর্মীয় ও সামাজিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশা করছেন।

অনুষ্ঠানে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি মো. হাবিবুর রহমান, কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. তাইজুর রহমান মিলটনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মসজিদ পরিচালনা কমিটির সদস্য ও বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট