বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬, ০৬:০৩ পিএম
নন্দিত টিভি
নারায়ণগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পূজা কমিটির সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

নারায়ণগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পূজা কমিটির সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

watermark
Jewel Hossain

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছে জেলা পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা মণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানবাহন নিয়ন্ত্রণ, অগ্নিনিরাপত্তা ও স্বেচ্ছাসেবকদের ভূমিকা নিয়ে বিভিন্ন সমস্যা, দাবি ও পরামর্শ তুলে ধরেন। পুলিশ সুপার তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সভায় পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি, সিসিটিভি মনিটরিং ও আনসার সদস্য মোতায়েন থাকবে।

তিনি পূজা কমিটির নেতৃবৃন্দকে প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক টিম গঠন, প্রবেশপথে তল্লাশি এবং সিসিটিভি ক্যামেরা স্থাপনের আহ্বান জানান। কোনো সন্দেহভাজন ব্যক্তি বা বস্তু দেখলে দ্রুত ৯৯৯ অথবা নিকটস্থ থানায় জানানোর পরামর্শ দেন তিনি।

পুলিশ সুপার বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা। হিন্দু-মুসলমানসহ সব ধর্মের মানুষ এখানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে। দুর্গাপূজা নির্বিঘ্ন করতে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।

তিনি আরও বলেন, পূজাকে কেন্দ্র করে গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে দ্রুত পুলিশকে জানাতে হবে। নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পুলিশ সুপার।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট