বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬, ০৫:৪২ পিএম
নন্দিত টিভি
আধিপত্যের বিরুদ্ধে ও আবরার হত্যার রায় দ্রুত কার্যকরের দাবিতে ইবি শিবিরের মানববন্ধন

আধিপত্যের বিরুদ্ধে ও আবরার হত্যার রায় দ্রুত কার্যকরের দাবিতে ইবি শিবিরের মানববন্ধন

watermark
Jewel Hossain

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নিপীড়নবিরোধী দিবস ও শহীদ আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আবরার ফাহাদ হত্যার রায় দ্রুত কার্যকর এবং ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির। বুধবার (৭ অক্টোবর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, অফিস সম্পাদক আব্দুস সামাদ, ছাত্রকল্যাণ সম্পাদক এমাদুর রহমান, শিক্ষা সম্পাদক শাহজাদা ইয়ামিন, এইচআরডি ও পাঠাগার সম্পাদকআবু সালেহ রায়হান, সমাজ সেবা সম্পাদক মুতাসিম বিল্লাহ খান-সহ
অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে শাখা শিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের মাধ্যমে যে পরিবর্তন এসেছে, তার পেছনে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম ও অসংখ্য মানুষের আত্মত্যাগ রয়েছে। শহীদ আবরার ফাহাদও সেই সংগ্রামের একজন গুরুত্বপূর্ণ প্রতীক। ছাত্রলীগের নির্যাতনে তিনি নিহত হয়েছেন এবং তার মতো আরও অনেক শিক্ষার্থী নির্যাতনের শিকার হয়েছেন। শহীদ আবরার ফাহাদ-সহ দুই হাজার শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই পরিবর্তন কোনোভাবেই ব্যাহত হতে দেওয়া যাবে না। রাষ্ট্র পরিচালনায় যারা থাকবেন, তাদের ন্যায়বিচার, মানুষের অধিকার এবং শহীদদের আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখাতে হবে।

তিনি আরও বলেন, শহীদ আবরার ফাহাদ একটি ভারতীয় আগ্রাসনবিরোধী ও ভারতের আনুগত্যবিহীন বাংলাদেশ চেয়েছিলেন। আমরাও এমন একটি বাংলাদেশ চাই, যেখানে দেশের স্বার্থ, মানুষের অধিকার ও ন্যায়বিচার সর্বোচ্চ গুরুত্ব পাবে। সরকারকে বলব, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ নিন। এ দেশের ছাত্রসমাজ ন্যায়সংগত ও জনকল্যাণমূলক উদ্যোগে সহযোগিতা করবে। এছাড়া শিক্ষক নিয়োগ, পুলিশ ভেরিফিকেশন ও ৪৪তম বিসিএসসহ বিভিন্ন ক্ষেত্রে মেধাবীদের বঞ্চিত করার যে অভিযোগ উঠেছে, সরকারকে সেসব বিষয়ে সতর্ক থাকতে হবে। ভবিষ্যতে এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়, যা মেধা ও ন্যায়বিচারের পরিপন্থী।

এসময় শহীদ আবরার ফাহাদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যে রায় হয়েছে, তা দ্রুত বাস্তবায়ন, কোনো মানুষের প্রতি অন্যায়, হয়রানি বা বৈষম্য যেন না হয় এবং বিচার ও প্রশাসনিক কার্যক্রমে দলীয়করণ থেকে বিরত রাখতে সরকারের প্রতি আহ্বান জানায় সংগঠনটি।

প্রসঙ্গত, ২০১৭ সালের ৭ অক্টোবর বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে ছাত্রলীগ কর্তৃক শিবির ট্যাগ দিয়ে রাতভর নির্যাতন করে হত্যা করা হয়। পরে হত্যায় জড়িতদের বিরুদ্ধে রায় ঘোষণা হলেও তা এখনো কার্যকর হয়নি।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট