বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬, ০৫:৩৬ পিএম
নন্দিত টিভি
জবির ১৬ তলা ছাত্রী হলের দুই লিফট বন্ধ, সচল দুটি নিয়েও আতঙ্কে ১২০০ শিক্ষার্থী

জবির ১৬ তলা ছাত্রী হলের দুই লিফট বন্ধ, সচল দুটি নিয়েও আতঙ্কে ১২০০ শিক্ষার্থী

watermark
Jewel Hossain

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নারী শিক্ষার্থীদের একমাত্র আবাসিক হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের চারটি লিফটের মধ্যে দুটি বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন প্রায় ১,২০০ আবাসিক শিক্ষার্থী। ১৬ তলা ভবনটির বাকি দুটি লিফট চালু থাকলেও সেগুলোতে সব তলায় একসঙ্গে যাতায়াতের সুযোগ না থাকায় শিক্ষার্থীদের দীর্ঘসময় অপেক্ষা করতে হচ্ছে।

চালু থাকা দুটি লিফটের একটি জোড় এবং অন্যটি বিজোড় সংখ্যার তলায় চলাচল করে। ফলে নির্দিষ্ট তলায় যেতে শিক্ষার্থীদের এক লিফট থেকে নেমে অন্য লিফটে উঠতে হয়। বিশেষ করে সকাল ও সন্ধ্যার ব্যস্ত সময়ে লিফটের সামনে দীর্ঘ সারি তৈরি হয়, যার ফলে ক্লাস, পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রমে সময়মতো অংশ নিতে গিয়ে সমস্যায় পড়ছেন তারা।

শুধু লিফট সংকট নয়, চালু থাকা লিফটগুলোর নিরাপত্তা নিয়েও শিক্ষার্থীরা উদ্বিগ্ন। তাদের অভিযোগ, চলাচলের সময় তীব্র ঝাঁকুনি ও অস্বাভাবিক শব্দ হয় এবং একাধিকবার শিক্ষার্থীরা ভেতরে আটকে পড়েছেন। এছাড়া লিফটের ভেতরের ফ্যান নষ্ট থাকায় ভিড়ের সময় মারাত্মক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। শিক্ষার্থীরা অচল দুটি লিফট দ্রুত মেরামত করে চারটিই সচল করার পাশাপাশি মোটর, ব্রেক, কেবল, সেন্সর ও জরুরি ইন্টারকম ব্যবস্থা নিয়মিত পরীক্ষা করার দাবি জানিয়েছেন।

নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদের ভিপি জান্নাতুল উম্মি তারিন বলেন, চুক্তি নবায়ন ও কারিগরি জটিলতার কারণে দীর্ঘদিন ধরে এই সংকট ঝুলে রয়েছে। প্রশাসনকে একাধিকবার জানানো সত্ত্বেও কাজের কাজ কিছু হয়নি।

এদিকে হলের আবাসিক শিক্ষক অধ্যাপক ড. বুশরা জাহান জানান, ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত শিক্ষার্থীর চাপের কারণে লিফটে যান্ত্রিক সমস্যা দেখা দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী জানান, লিফট রক্ষণাবেক্ষণের জন্য নতুন কোম্পানি নিয়োগ দেওয়া হয়েছে এবং খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট