নিজের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। ছবি প্রকাশের পর থেকেই শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন তিনি। তবে বিয়ের ছবি সামনে আনলেও স্বামী সিদ্ধার্থের মুখ আড়াল করে রেখেছেন অভিনেত্রী। ফলে তার স্বামীর পরিচয় ও চেহারা নিয়ে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে।প্রকাশিত ছবিতে দেখা যায়, কোথাও কনে বরকে আংটি পরিয়ে দিচ্ছেন, আবার কোথাও দুজনকে একে অপরের আংটি ধরে থাকতে দেখা যাচ্ছে। বিয়ের কাগজে সই করা এবং একে অপরকে আলিঙ্গনের মুহূর্তও প্রকাশ করেছেন মিমি।
জানা গেছে, দুই পরিবারের সদস্য, স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বাগ্দান এবং আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন মিমি ও সিদ্ধার্থ দত্ত।
অভিনেত্রীর স্বামী সিদ্ধার্থ বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন। পেশায় তিনি একজন মেরিন ইঞ্জিনিয়ার। সিদ্ধার্থের বড় ভাইয়ের স্ত্রী কলকাতার সিরিয়াল ও সিনেমার পরিচিত অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য। মিমিকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ত্রমিলা জানান, তিনি মিমিকে কাছ থেকে চিনেছেন ও জেনেছেন। সিদ্ধার্থের সঙ্গে মিমিকে বেশ মানিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ত্রমিলা আরও জানান, তাদের পরিবারের বেশির ভাগ সদস্যই জাহাজ-সংশ্লিষ্ট পেশায় যুক্ত। তার স্বামী জাহাজের ক্যাপ্টেন এবং সিদ্ধার্থ মেরিন ইঞ্জিনিয়ার। সিদ্ধার্থ তাদের পরিবারের অন্যদের তুলনায় বয়সে বেশ ছোট।বিয়ের আনুষ্ঠানিকতার ছবিতে মিমিকে দেখা গেছে সোনালি জরির কাজ করা পোশাকে। সবুজ পাথরের অলংকারে সেজেছিলেন তিনি। অন্যদিকে সিদ্ধার্থের পরনে ছিল সাদা পাঞ্জাবি-পাজামা। ফুল দিয়ে সাজানো বিয়ের আসরে সাদা ও সোনালি রঙের প্রাধান্য ছিল।
তবে মিমি-সিদ্ধার্থের মূল বিয়ের আয়োজন এখনো বাকি। আগামী ৫ ডিসেম্বর কলকাতা শহর থেকে দূরে কালিম্পংয়ের পাহাড়ি পরিবেশে বসবে তাদের বিয়ের জমকালো আসর। টানা তিন দিন ধরে চলবে বিয়ের অনুষ্ঠান। এতে চলচ্চিত্রজগতের মিমির ঘনিষ্ঠজনদের উপস্থিত থাকার কথা রয়েছে।