দেশজুড়ে রেল যোগাযোগে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ৩৮টি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
শনিবার (২৮ নভেম্বর) বাহিনীর জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় রেলওয়ে পুলিশ সদর দপ্তরের চাহিদার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় দেশের গুরুত্বপূর্ণ ৩৮টি স্থানে আনসার সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।মাঠপর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি স্থানে একজন করে মোট ৩৮ জন কোম্পানি কমান্ডার বা সার্কেল অ্যাডজুটেন্ট দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যাটালিয়নের পরিচালক ও জেলা কমান্ড্যান্টরা সার্বক্ষণিক তদারকি করছেন।
এর মাধ্যমে সাধারণ যাত্রীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রেল চলাচল স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখার লক্ষ্য নেওয়া হয়েছে।এর আগে পোশাকশ্রমিকদের অসন্তোষসহ সাম্প্রতিক সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর, নারায়ণগঞ্জ ও গোপালগঞ্জসহ দেশের ৯টি গুরুত্বপূর্ণ জেলায় প্রায় এক মাস ধরে ৫৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনের জন্য তাদের পেশাদারিত্ব প্রশংসিত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দাঙ্গা নিয়ন্ত্রণে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ব্যাটালিয়ন যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে প্রস্তুত রয়েছে। নিরাপদ রেল যোগাযোগ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের দায়িত্ব পালন অব্যাহত থাকবে।