দেশি-বিদেশি নিরাপত্তা হুমকির আশঙ্কায় ওয়াশিংটন ডিসির সাধারণ আবাসিক এলাকা ছেড়ে সুরক্ষিত সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার একাধিক শীর্ষ কর্মকর্তা। জেনারেল ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের জন্য নির্ধারিত শতবর্ষী আবাসনগুলোতে বর্তমানে ট্রাম্প প্রশাসনের প্রায় অর্ধডজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা থাকছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে বেসামরিক প্রশাসনের এতসংখ্যক শীর্ষ কর্মকর্তার সামরিক আবাসনে বসবাসের ঘটনা নজিরবিহীন।
ইরানের সম্ভাব্য হামলা ও প্রাণনাশের হুমকির পাশাপাশি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক সহিংসতার আশঙ্কায় কর্মকর্তারা কঠোর নিরাপত্তাবেষ্টিত সামরিক কমপ্লেক্সকে নিরাপদ আবাস হিসেবে বেছে নিচ্ছেন।সম্প্রতি ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জর্জটাউনের বিলাসবহুল বাড়ি ছেড়ে ওয়াশিংটনের একটি সামরিক ঘাঁটিতে উঠেছেন। সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের কারণে তেহরানের পক্ষ থেকে তাকে এবং মন্ত্রিসভার অন্য সদস্যদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
নিরাপত্তার উদ্বেগে অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চও সম্প্রতি সামরিক ঘাঁটিতে স্থানান্তরিত হয়েছেন। এর আগে তার পূর্বসূরি পাম বন্ডিও সেখানে বসবাস করতেন।
অন্যদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক সহিংসতার আশঙ্কায় হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার ও তার পরিবার সামরিক আবাসনে উঠেছেন। রক্ষণশীল কর্মী চার্লি কার্ক হত্যাকাণ্ডের পর এবং ভার্জিনিয়ায় তাদের বাড়ির সামনে বিক্ষোভ ও ব্যক্তিগত ঠিকানা ফাঁস হওয়ার ঘটনায় গত বছর তারা এ সিদ্ধান্ত নেন।
বর্তমানে পোটোম্যাক ও অ্যানাকোস্টিয়া নদীর মোহনায় অবস্থিত ফোর্ট ম্যাকনেয়ার সামরিক ঘাঁটির ‘জেনারেলস রো’ এলাকায় পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং স্টিফেন মিলার ও তার পরিবার প্রতিবেশী হিসেবে বসবাস করছেন।
তবে বেসামরিক নীতিনির্ধারকদের সামরিক আবাসনে বসবাস নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক তৈরি হয়েছে। আমেরিকান ইউনিভার্সিটির অধ্যাপক টমাস কান মনে করেন, সাধারণ মানুষের আবাসিক এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে জনপ্রতিনিধিদের সঙ্গে সমাজের দূরত্ব বাড়ে। এতে বেসামরিক নেতৃত্বের গণতান্ত্রিক ঐতিহ্যও ক্ষতিগ্রস্ত হতে পারে।
অন্যদিকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা দাবি করেছেন, সুনির্দিষ্ট নিরাপত্তা হুমকির কারণে কর্মকর্তারা শহরের সাধারণ এলাকায় থাকতে না পারলেও রাজধানীকে নিরাপদ রাখতে তারা কাজ করে যাচ্ছেন।এদিকে সামরিক আবাসন ব্যবহারের যৌক্তিকতা, আইনি ভিত্তি এবং ভাড়ার হিসাব জানতে পেন্টাগনের কাছে প্রতিবেদন চেয়েছে হাউস আর্মড সার্ভিসেস কমিটি। ডেমোক্র্যাট আইনপ্রণেতা জর্জ হোয়াইটসাইডস প্রশ্ন তুলেছেন, সামরিক সদস্যদের জন্য নির্ধারিত আবাসনে রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তারা ন্যায্য বাজারদরে ভাড়া দিচ্ছেন কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।এর আগে গত বছর ফোর্ট ম্যাকনেয়ারে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বাসভবন সংস্কারে সেনাবাহিনীর ১ লাখ ৩৭ হাজার ডলার ব্যয়ের পরিকল্পনার খবর প্রকাশিত হলে সমালোচনা শুরু হয়।
নিয়ম অনুযায়ী, সামরিক আবাসনে বসবাসকারী কর্মকর্তাদের মাসে সাড়ে চার হাজার ডলারের বেশি ভাড়া দিতে হয়। ২০০৮ সালে কংগ্রেসে পাস হওয়া একটি আইন অনুযায়ী, করদাতাদের অর্থ সাশ্রয়ের লক্ষ্যে প্রতিরক্ষামন্ত্রীরা চার তারকা জেনারেলের নির্ধারিত ভাড়ার চেয়ে মাত্র ৫ শতাংশ বেশি দিয়ে সামরিক আবাসন নিতে পারেন।
২০১৮ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও নৌবাহিনীর একটি আবাসনে উঠতে চেয়েছিলেন। তবে কর্মকর্তাদের আবাসন সংকটের কথা জানিয়ে নৌবাহিনী তখন আপত্তি জানিয়েছিল। আট বছরের ব্যবধানে সেই আবাসন ব্যবস্থাই এখন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের কাছে নিরাপত্তার অন্যতম আশ্রয়স্থল হয়ে উঠেছে।