ঢাকার আশুলিয়ায় পৃথক দুটি স্থানে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়ক এবং আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে এ ঘটনা ঘটে। আগুনে বাস দুটির অধিকাংশ অংশ পুড়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়ী এলাকায় পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ফটকের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। প্রায় একই সময়ে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে পার্ক করে রাখা আলিফ পরিবহনের আরেকটি বাসে অগ্নিসংযোগ করা হয়।সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাস দুটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।
খবর পেয়ে উভয় স্থানে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে।
তবে কারা এবং কী কারণে বাস দুটিতে আগুন দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।