দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম। লিটারপ্রতি তিন টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২০৭ টাকা। আর খোলা সয়াবিন তেলের দাম বেড়ে হয়েছে ১৮৮ টাকা। নতুন এই দাম ২০২২ সালের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। সে বছর বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ দাম ছিল ২০৫ টাকা এবং খোলা তেলের ১৮৫ টাকা।
চলতি বছরের শুরুতে বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল লিটারপ্রতি ১৯৫ টাকা। গত ২৯ এপ্রিল চার টাকা বাড়িয়ে দাম করা হয় ১৯৯ টাকা। এরপর ২ সেপ্টেম্বর আরও পাঁচ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ২০৪ টাকা। সর্বশেষ তিন টাকা বৃদ্ধির ফলে চলতি বছরে তিন দফায় বোতলজাত সয়াবিন তেলের দাম মোট ১২ টাকা বেড়েছে।
আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় ও সরবরাহ পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সরকার। ব্যবসায়ীদের দাবি, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের বুকিং দর বৃদ্ধি, ডলারের উচ্চমূল্য এবং আসন্ন রমজানে সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়টি মূল্য সমন্বয়ের পেছনে ভূমিকা রেখেছে।
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনাবিষয়ক সভায় নতুন দাম নির্ধারণ করা হয়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা করা হয়। তবে খোলা পাম অয়েলের দাম আগের মতো লিটারপ্রতি ১৬৬ টাকা রাখা হয়েছে।ব্যবসায়ীদের ভাষ্য, গত ২ সেপ্টেম্বর সর্বশেষ দাম সমন্বয়ের পর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম অয়েলের দাম বেড়েছে। দেশের বাজারে এতদিন দাম অপরিবর্তিত থাকায় আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়ছিল। রমজানে পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতেই আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম বাড়ানোর প্রয়োজন ছিল।
সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন দেশের ভোজ্যতেলের মজুত, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর, ঋণপত্র খোলা এবং আমদানির পরিস্থিতি তুলে ধরে। এসব তথ্য পর্যালোচনা শেষে সর্বসম্মতিক্রমে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।তবে নতুন দাম নির্ধারণের পরও ভোক্তাদের স্বস্তির নিশ্চয়তা নেই। বোতলজাত তেল নির্ধারিত দামে পাওয়া গেলেও খোলা সয়াবিন তেল অনেক ক্ষেত্রে সরকার নির্ধারিত দরের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। কৃত্রিম সংকট, অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রি বন্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদেরও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, এক বছরের ব্যবধানে খোলা সয়াবিন তেলের দাম ১০ শতাংশ এবং বোতলজাত তেলের দাম ৭ শতাংশ বেড়েছে। একই সময়ে খোলা পাম অয়েলের দামও বেড়েছে ১০ শতাংশ।
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের হিসাবে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশে ৮ লাখ ২৩ হাজার টন ভোজ্যতেল আমদানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় আমদানি বেড়েছে প্রায় ১৬ দশমিক ৭ শতাংশ।উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে ভোজ্যতেলের সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটে। সূর্যমুখী তেলের অন্যতম রপ্তানিকারক ইউক্রেন ও রাশিয়ার রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি ইন্দোনেশিয়া সাময়িকভাবে পাম অয়েল রপ্তানি বন্ধ করে দেয়। এতে বিশ্ববাজারে সয়াবিন তেলের চাহিদা ও দাম বেড়ে যায়। সেই সময় দেশের বাজারেও ভোজ্যতেলের দাম রেকর্ড উচ্চতায় উঠেছিল। এবার সেই রেকর্ড ছাড়িয়ে নতুন সর্বোচ্চ দামে পৌঁছাল সয়াবিন তেল।