নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ওমরাহ যাত্রীদের বিমানের টিকিট সরবরাহের কথা বলে ২ কোটি ১২ লাখ ৯৬ হাজার ৮৭০ টাকা আত্মসাতের ঘটনায় মূল হোতা মো. রবিউল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের খুলশী এলাকায় অভিযান চালিয়ে বাথরুমের ফলস ছাদে লুকিয়ে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়।মামলার এজাহার ও পিবিআই সূত্রে জানা গেছে, সোনারগাঁয়ের 'রাহে কাবা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস'-এর স্বত্বাধিকারী মো. আল আমিনের সঙ্গে ওমরাহ যাত্রীদের সৌদি এয়ারলাইনসের টিকিট দেওয়ার জন্য ২ কোটি ১০ লাখ টাকার চুক্তি করে প্রতারক চক্রটি। চুক্তি অনুযায়ী বাদী ব্যাংক হিসাবের মাধ্যমে ১ কোটি ৯৫ লাখ ৮৭০ টাকা পরিশোধ করেন।
তবে অভিযুক্তরা চুক্তি অনুযায়ী টিকিট না দিয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসের মাধ্যমে মাত্র ৯ জন যাত্রীর আসা-যাওয়া এবং ৭০ জন যাত্রীর শুধু যাওয়ার টিকিট সরবরাহ করে। ফিরতি টিকিট না পাওয়ায় সৌদি আরবে আটকে পড়া ওই ৭০ জন যাত্রীকে দেশে ফিরিয়ে আনতে বাদীকে নিজ খরচে আরও ৭১ লাখ ৮৭০ টাকা ব্যয় করতে হয়। এ ছাড়া চুক্তির বাকি ১৬৯টি টিকিট (যার মূল্য ১ কোটি ৪১ লাখ ৯৬ হাজার টাকা) সরবরাহ না করায় সব মিলিয়ে বাদীর ২ কোটি ১২ লাখ ৯৬ হাজার ৮৭০ টাকা আত্মসাৎ করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী মো. আল আমিন বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার পাওয়ার পর পিবিআই অভিযানে নামে এবং চট্টগ্রাম থেকে রবিউলকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাকে আদালতে হাজির করা হলে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পিবিআই জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল টাকা আত্মসাতের বিষয়টি স্বীকার করেছেন। ভুক্তভোগীদের বিশ্বাস অর্জনের জন্য তিনি সমপরিমাণ টাকার ব্যাংক চেক দিতেন। তদন্তে তার নামে বিভিন্ন ব্যাংকে ৯টি হিসাবের সন্ধান পাওয়া গেছে এবং আত্মসাৎ করা অর্থ বিদেশে পাচার হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন আদালতে প্রতারণার আরও অন্তত ৮টি মামলা বিচারাধীন রয়েছে।