সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে হুথি গোষ্ঠীর ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এ তথ্য জানিয়েছে।মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি ক্ষেপণাস্ত্রটি ধ্বংসের বিষয়টি নিশ্চিত করেন। তবে ক্ষেপণাস্ত্রটি কোথা থেকে ছোড়া হয়েছিল, হামলার সময় কখন এবং এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না—এসব বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।বিবৃতিতে হুথি গোষ্ঠীকে ‘সন্ত্রাসী মিলিশিয়া’ হিসেবে উল্লেখ করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। তবে ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু বা এর পেছনের উদ্দেশ্য সম্পর্কেও কোনো তথ্য দেওয়া হয়নি।
ইয়েমেনে হুথি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ‘কোয়ালিশন টু সাপোর্ট লেজিটিমেসি ইন ইয়েমেন’ নামে পরিচিত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।২০১৪ সাল থেকে ইয়েমেনের রাজধানী সানা এবং দেশটির বিভিন্ন অঞ্চল নিয়ন্ত্রণ করে আসছে হুথিরা। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট।দীর্ঘদিনের এই সংঘাতের প্রেক্ষাপটে রিয়াদের দিকে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে শুক্রবারের ঘটনায় কোনো হতাহত বা সম্পদহানির তথ্য পাওয়া যায়নি।