দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনছে সরকার। একই সঙ্গে বিনাবেতনে পড়াশোনার সুযোগও পাবে তারা। নতুন সিদ্ধান্তে উপকৃত হবে প্রায় ৭৩ লাখ ২২ হাজার ছাত্রী। এ কর্মসূচি বাস্তবায়নে উপবৃত্তি খাতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৯৮ কোটি ৬৮ লাখ টাকা।
বিএনপির নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী ‘সমন্বিত উপবৃত্তি কর্মসূচি’র পরিধি বাড়িয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বর্তমানে উপবৃত্তির আওতায় থাকা শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়াবে ৯৯ লাখ ৩৪ হাজারে। ছাত্রীদের পাশাপাশি প্রচলিত দারিদ্র্যভিত্তিক মূল্যায়নের মাধ্যমে ছেলেরাও এ সুবিধা পাবে।
সরকারের এ উদ্যোগের লক্ষ্য নারী শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের ঝরে পড়া কমানো, বাল্যবিবাহ প্রতিরোধ এবং দরিদ্র পরিবারের ওপর পড়াশোনার আর্থিক চাপ কমানো। পাশাপাশি সবার জন্য অবৈতনিক শিক্ষা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেন, ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চালু করা ছাত্রী উপবৃত্তি কর্মসূচি নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এবার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শতভাগ ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় সমন্বিত উপবৃত্তি কর্মসূচির চতুর্থ সংশোধনীর মাধ্যমে এ সুবিধা সম্প্রসারণ করা হয়েছে। গত ৮ অক্টোবর অর্থ বিভাগের নীতিগত সিদ্ধান্তের পর ১১ নভেম্বর প্রকল্প দলিল অনুমোদন এবং ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় প্রশাসনিক অনুমোদন দেয়। কর্মসূচিটি বাস্তবায়ন করছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।
সংশোধিত পরিকল্পনায় ২০২৬-২৭ অর্থবছরে মোট ৯৯ লাখ ৩৪ হাজার শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার প্রাক্কলন করা হয়েছে। এর মধ্যে ছাত্রী ৭৩ লাখ ২২ হাজার এবং ছাত্র ২৬ লাখ ১২ হাজার। এর আগে ২০২৫-২৬ অর্থবছরে উপকারভোগী ছিলেন ৬৫ লাখ ২৫ হাজার শিক্ষার্থী।এদিকে দেশের অনগ্রসর ১০টি উপজেলার সঙ্গে নতুন আরও ১২টি উপজেলা যুক্ত করে মোট ২২টি উপজেলায় আবেদনযোগ্য সব ছাত্রছাত্রীকে শতভাগ উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। উপজেলাগুলো হলো—নাইক্ষ্যংছড়ি, আলীকদম, কুড়িগ্রাম সদর, রৌমারী, চর রাজিবপুর, চিলমারী, উলিপুর, ভুরুঙ্গামারী, কাহারোল, খানসামা, কুলিয়ারচর, মিঠামইন, ইটনা, অষ্টগ্রাম, খালিয়াজুরী, শাল্লা, ধর্মপাশা, দোয়ারাবাজার, আজমিরীগঞ্জ, হাতিয়া, চৌহালি ও মনপুরা।নতুন কাঠামোয় সব ছাত্রী উপবৃত্তি পেলেও অসচ্ছল পরিবারের ছাত্রদের ক্ষেত্রে দারিদ্র্য যাচাইয়ের প্রচলিত পদ্ধতি বহাল থাকবে। তবে প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, বীর মুক্তিযোদ্ধার সন্তান, প্রাক্তন ছিটমহলবাসী এবং জুলাই যোদ্ধা শিক্ষার্থীরা বিশেষ অগ্রাধিকার ও শতভাগ উপবৃত্তির সুবিধা পাবে।
উপবৃত্তি অব্যাহত রাখতে শিক্ষাপ্রতিষ্ঠানে কমপক্ষে ৭৫ শতাংশ উপস্থিতি, বার্ষিক পরীক্ষায় ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর, শিক্ষা বোর্ডের নিবন্ধন এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত অবিবাহিত থাকার শর্ত রয়েছে।উপবৃত্তি, টিউশন ফি, পাবলিক পরীক্ষার ফি ও বই কেনার অর্থ সরাসরি শিক্ষার্থী বা অভিভাবকের ব্যাংক, এজেন্ট ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিং হিসাবে পাঠানো হবে। জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও বায়োমেট্রিক নিবন্ধিত সিম যাচাই করে আইবাস++-এর মাধ্যমে জিটুপি পদ্ধতিতে অর্থ ছাড় করা হবে। আগামী ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রীর মাধ্যমে কর্মসূচিটি উদ্বোধনের প্রস্তুতি চলছে।এ ছাড়া ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে সফটওয়্যার ও তথ্যগত জটিলতায় উপবৃত্তি থেকে বঞ্চিত প্রায় ১৬ লাখ শিক্ষার্থীর বকেয়া অর্থ পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে কর্মসূচি বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জও রয়েছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, রাজধানী ও বিভাগীয় শহরের কিছু শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারিত হারের চেয়ে বেশি বেতন নেওয়ায় উপবৃত্তির তালিকায় শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করতে অনীহা দেখাতে পারে। এতে ওইসব প্রতিষ্ঠানের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত হওয়ার ঝুঁকি রয়েছে। এ সমস্যা সমাধানে বাধ্যতামূলক নির্দেশনার প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।অর্থ বিভাগ নির্ধারিত হারে শ্রেণিভেদে মাসিক উপবৃত্তি ২০০ থেকে ৪০০ টাকা এবং টিউশন ফি ৩৫ থেকে ৮০ টাকা। এ ছাড়া দশম থেকে দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফি ও বই কেনার জন্য ১ হাজার থেকে দেড় হাজার টাকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীপ্রতি বার্ষিক ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৮২০ থেকে ৭ হাজার ২৬০ টাকা।