কয়েক মাসের সামাজিক অস্থিরতা ও রাজনৈতিক টানাপোড়েনের পর আগামী রোববার আগাম সাধারণ নির্বাচনে ভোট দিতে যাচ্ছে স্পেন। এই নির্বাচনে নির্ধারিত হবে সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের আট বছরের শাসনামলের ভবিষ্যৎ। আবাসন সংকট, জীবনযাত্রার ব্যয়, অভিবাসন, দুর্নীতির অভিযোগ এবং সামরিক ও পররাষ্ট্রনীতি এবারের নির্বাচনী প্রচারণায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে।নির্বাচনে পার্লামেন্টের নিম্নকক্ষ কংগ্রেস অব ডেপুটিজের ৩৫০টি আসন এবং সিনেটের নির্বাচিত সদস্যদের জন্য ভোট দেবেন নাগরিকেরা। স্পেনে প্রধানমন্ত্রী সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন না। সরকার গঠনে প্রথম দফায় কমপক্ষে ১৭৬ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন। ২০২৩ সালের নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েও সরকার গঠন করতে পারেনি রক্ষণশীল পিপলস পার্টি বা পিপি। পরে বামপন্থী সুমার জোট ও আঞ্চলিক আইনপ্রণেতাদের সমর্থনে ক্ষমতায় থাকেন সানচেজ।
গত ২ অক্টোবর সরকারের দুটি আবাসন সংস্কার প্রস্তাব পার্লামেন্টে প্রত্যাখ্যাত হলে সংখ্যালঘু সরকারের দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে। গুরুত্বপূর্ণ মিত্র কাতালান বিচ্ছিন্নতাবাদী দল জুন্টস বিরোধীদের পক্ষে ভোট দেওয়ায় সরকার বিপাকে পড়ে। পাশাপাশি সাবেক পরিবহনমন্ত্রী হোসে লুইস আবালোস ও সাবেক সাংগঠনিক সম্পাদক সান্তোস সেরদানসহ দলের কয়েকজন সাবেক নেতার বিরুদ্ধে দুর্নীতির তদন্তও সানচেজ প্রশাসনের ওপর চাপ বাড়িয়েছে।নির্বাচনে সানচেজের স্প্যানিশ সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি বা পিএসওইয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী আলবার্তো নুনেজ ফেইজোর নেতৃত্বাধীন পিপি। এছাড়া সান্তিয়াগো আবাসকালের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী দল ভক্সও জনমত জরিপে শক্ত অবস্থান তৈরি করেছে। জরিপ প্রকাশের ওপর নিষেধাজ্ঞার আগে প্রকাশিত গড় হিসাবে পিপির সমর্থন ৩১ দশমিক ৫ শতাংশ, পিএসওইয়ের ২৯ শতাংশ এবং ভক্সের ১৭ দশমিক ৯ শতাংশ।
নির্বাচনে সবচেয়ে বড় উদ্বেগের একটি আবাসন সংকট। ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নে মূল্যস্ফীতি সমন্বয়ের পর সম্পত্তির দাম বেড়েছে ২৫ শতাংশ, স্পেনে এই বৃদ্ধির হার ৪৩ শতাংশ। বর্তমানে দেশটিতে আনুমানিক সাড়ে সাত লাখ বাড়ির ঘাটতি রয়েছে। এ সংকট মোকাবিলায় পিএসওই ভাড়া নিয়ন্ত্রণ ও সরকারি আবাসন বাড়ানোর কথা বলছে। অন্যদিকে পিপির প্রতিশ্রুতি, তারা ১০ লাখ নতুন বাড়ি নির্মাণ করবে। তবে পিপি ও ভক্স—দুই দলই বর্তমান আবাসন আইন বাতিলের পক্ষে।বাড়িভাড়া ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে স্পেনজুড়ে বিক্ষোভ হয়েছে। সাশ্রয়ী আবাসন, উচ্চ মজুরি ও উন্নত কর্মপরিবেশের দাবিতে গত ১১ নভেম্বর ১৪ বছরের মধ্যে প্রথমবারের মতো সাধারণ ধর্মঘট পালন করে শ্রমিক সংগঠনগুলো। বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে কয়েক ডজন মানুষ গ্রেপ্তার হন।
এদিকে চলতি বছরের দুটি বড় রেল দুর্ঘটনাও সরকারের ওপর চাপ বাড়িয়েছে। জানুয়ারিতে আদামুজের কাছে ট্রেন দুর্ঘটনায় ৪৬ জন এবং গত ২৮ অক্টোবর মধ্য স্পেনের উর্দার কাছে উচ্চগতির ট্রেনের সংঘর্ষে ৬৯ জন নিহত হন। সর্বশেষ দুর্ঘটনার পর মাদ্রিদে পরিবহন মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ শুরু হয়। ভক্স এ ঘটনায় সরাসরি সানচেজকে দায়ী করে এবং ফ্রেন্তে আম্পলিও রাজনৈতিক জবাবদিহিতা দাবি করে। চাপের মুখে ৩ নভেম্বর পদত্যাগ করেন পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে।
অভিবাসন পরিস্থিতিও এবারের নির্বাচনের বড় ইস্যু। মরক্কো সীমান্তবর্তী স্পেনের ছিটমহল সেউতায় গত ৩০ ও ৩১ জুলাই প্রায় এক লাখ মানুষের প্রবেশের কথা জানিয়েছে আঞ্চলিক কর্তৃপক্ষ। তাদের মধ্যে হাজার হাজার অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক শিশু ছিল। সেউতার প্রেসিডেন্ট হুয়ান হেসুস ভিভাস জানিয়েছেন, অধিকাংশ চলে গেলেও এখনো ১৫ হাজারের বেশি অভিবাসী সেখানে অবস্থান করছেন। অভিবাসীদের ঢল ঠেকাতে ব্যর্থ হওয়ার জন্য তিনি সানচেজকে অভিযুক্ত করেছেন।
এই পরিস্থিতি ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন নীতি নিয়েও বিভেদ তৈরি করেছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ কয়েকজন ইউরোপীয় নেতা শেনজেন অঞ্চল থেকে স্পেনকে সাময়িকভাবে বরখাস্ত করার আহ্বান জানান। পরে ইতালি ও স্পেন পরস্পরের ওপর সীমান্ত তল্লাশি পুনর্বহাল করলেও অক্টোবরে সেই বিধিনিষেধ তুলে নেয়। অন্যদিকে ভক্স কঠোর অভিবাসন নিয়ন্ত্রণ এবং সরকারি সহায়তায় স্প্যানিশ নাগরিকদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছে।
ন্যাটো ও সামরিক ব্যয় নিয়েও স্পেনের রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে। ২০৩৫ সালের মধ্যে জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয়ের লক্ষ্যমাত্রাকে অযৌক্তিক আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন সানচেজ। তাঁর দাবি, ২ দশমিক ১ শতাংশ বরাদ্দ দিয়েই স্পেন প্রতিশ্রুতি পূরণ করতে পারবে। ন্যাটো মহাসচিব মার্ক রুট্টে তাঁর ছাড় পাওয়ার দাবির বিরোধিতা করেছেন। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পেনকে ন্যাটো থেকে বহিষ্কারের পরামর্শ দেওয়ার পাশাপাশি শুল্ক আরোপের হুমকি দেন।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান নিয়েও ওয়াশিংটনের সঙ্গে মাদ্রিদের টানাপোড়েন বেড়েছে। মার্কিন বাহিনীকে স্পেনের সামরিক ঘাঁটি বা আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে সানচেজ সরকার। গত মঙ্গলবার তিনি স্পেনের প্রতিরক্ষা আইন সংশোধন করে যেকোনো অবৈধ যুদ্ধে দেশটির অংশগ্রহণ নিষিদ্ধ করার অঙ্গীকার করেন। ইরানের বিরুদ্ধে অভিযানকে ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাক আক্রমণের সঙ্গেও তুলনা করেন তিনি।
গাজায় ইসরায়েলি সামরিক অভিযানকে গণহত্যা হিসেবে অভিহিত করেছেন সানচেজ। ২০২৪ সালে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পর ইসরায়েলের তীব্র নিন্দার মুখে পড়ে স্পেন। প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতিতে বিরোধী দলগুলোর অবস্থানও ভিন্ন। পিপি ও ভক্স সামরিক ব্যয় বাড়ানোর পক্ষে। অন্যদিকে ফ্রেন্তে আম্পলিও ব্যয় কমাতে এবং পোদেমোস ন্যাটো ছাড়তে চায়।