পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরও গাজীপুরে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এতে কয়েকটি এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকদের বিক্ষোভের পর গাজীপুরের ৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে আরও ৩৫টি কারখানা। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন এ তথ্য জানিয়েছেন।বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ভোগড়া বাইপাস, নাওজোড়, সালনাসহ বিভিন্ন এলাকার পোশাক কারখানার সামনে বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া বাইপাস, বোর্ডবাজারের সাইনবোর্ড, নাওজোড় এবং ভাওয়াল মির্জাপুর-মাস্টারবাড়ি এলাকায় শ্রমিকেরা সড়ক ও মহাসড়কে অবস্থান নেন।
এতে ওই এলাকার বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে গাজীপুরের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।