ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধনের সময় বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের আবেদন ও সামগ্রিক বিষয় বিবেচনায় নিবন্ধনের সময়সীমা আগামী ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে নিবন্ধন ফি ৫০০ টাকা কমিয়ে ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, সমাবর্তনের নিবন্ধন ফি পূর্বনির্ধারিত ৪ হাজার ৫০০ টাকার পরিবর্তে ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ২০১৯-২০২০ ও ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০০ টাকা। অন্যান্য শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্ধারিত ফি অপরিবর্তিত থাকবে।
এ ছাড়া সমাবর্তনে অতিথি হিসেবে মা-বাবা, স্বামী-স্ত্রী, ছেলে-মেয়ে এবং অন্যান্য অভিভাবক (প্রযোজ্য ক্ষেত্রে) উপস্থিত থাকতে পারবেন। আদেশে এ-ও বলা হয়, যেসব শিক্ষার্থী পূর্বনির্ধারিত ফি অনুযায়ী ইতোমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের জমা দেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে।
প্রসঙ্গত, গত ৮ নভেম্বরের প্রকাশিত বিজ্ঞাপ্তি অনুযায়ী সমাবর্তনে নিবন্ধনের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ২৫ নভেম্বর। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে নতুন করে নিবন্ধনের সময় বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।