নারায়ণগঞ্জের রূপগঞ্জে জোরপূর্বক জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগী কৃষকরা। বুধবার দুপুরে উপজেলার বাগবের এলাকায় ফরটিস গ্রুপের প্লাটিনাম কোম্পানির সামনে এই কর্মসূচি পালন করা হয়। স্টাফ রিপোর্টার মোঃ নুর নবী জনির পাঠানো তথ্যে বিস্তারিত থাকছে প্রতিবেদনে।নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফরটিস গ্রুপের প্লাটিনাম কোম্পানির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে রাজপথে নেমেছেন স্থানীয় কৃষকরা। বুধবার দুপুরে দক্ষিণবাগ, কেয়ারিয়া, টিনর ও বাঘবের এলাকার ভুক্তভোগী কৃষকরা কোম্পানিটির সামনে জড়ো হয়ে মানববন্ধন করেন।
বিক্ষুব্ধ কৃষকদের অভিযোগ, মালিকপক্ষ জমি না কিনেই প্রভাব খাটিয়ে জোরপূর্বক বালু ভরাট করে তা দখল করে নিয়েছে। এমনকি জাল দলিল তৈরি এবং চারপাশে সীমানা প্রাচীর দেওয়ায় নিজের জমিতেই প্রবেশ করতে পারছেন না তাঁরা। জমিতে গেলে মিথ্যা মামলা ও নির্যাতনের শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।
মানববন্ধন থেকে অবৈধ দখল বন্ধ, জাল দলিল সৃজনের তদন্ত এবং দায়ীদের আইনের আওতায় আনাসহ পাঁচ দফা দাবি জানানো হয়। কর্মসূচি শেষে জলসিঁড়ি ১০০ ফুট সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করেন কৃষকরা।