এনভিডিয়ার প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে পুনরায় নিয়োগ দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের পর কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৩০ শতাংশের বেশি। এতে এনভিডিয়ায় নিজের শেয়ার থেকে সর্বোচ্চ ১৫ মিলিয়ন ডলার বা প্রায় ১ কোটি ১৫ লাখ পাউন্ড লাভের সম্ভাবনা তৈরি হয়েছে ট্রাম্পের। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে বিতর্ক। ডেমোক্র্যাট সিনেটররা এ বিষয়ে তদন্তের দাবিও জানিয়েছেন।প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার রাতে এনভিডিয়ার পরিচালনা পর্ষদের একটি বৈঠকে ফোনে যুক্ত হন ট্রাম্প। বৈঠকে তিনি দাবি করেন, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির একটি কেলেঙ্কারির পর পদত্যাগ করা জেনসেন হুয়াংকে আবারও নিয়োগ দিতে কোম্পানির পরিচালকদের রাজি করিয়েছেন তিনি।
এর পরদিন সোমবার এনভিডিয়ার শেয়ারের দাম ৩০ শতাংশের বেশি বেড়ে যায়। এই উত্থানের ফলে ওয়াল স্ট্রিটে বড় ধরনের দরপতনের পর কোম্পানিটির বাজারমূল্য থেকে হারিয়ে যাওয়া প্রায় এক লাখ কোটি ডলারের একটি বড় অংশ ফিরে আসে। একই সঙ্গে এনভিডিয়ায় বিনিয়োগের কারণে ট্রাম্পের ব্যক্তিগত আর্থিক লাভের সম্ভাবনাও তৈরি হয়।যুক্তরাষ্ট্রের সরকারি নৈতিকতা দপ্তরে জমা দেওয়া ট্রাম্পের সর্বশেষ আর্থিক বিবরণীর ভিত্তিতে করা হিসাব অনুযায়ী, গত সেপ্টেম্বরের শেষ নাগাদ তাঁর মালিকানায় এনভিডিয়ার সর্বোচ্চ ৩ লাখ ৭০ হাজার শেয়ার থাকতে পারে। তবে বিবরণীতে শেয়ারের সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয়নি। সেখানে প্রতি প্রান্তিকে কেনা ও বিক্রি করা শেয়ারের আর্থিক পরিমাণের একটি বিস্তৃত সীমা দেওয়া হয়েছে।
সর্বোচ্চ সংখ্যক শেয়ার তাঁর মালিকানায় ছিল ধরে হিসাব করলে, সোমবার শেয়ারের দাম বাড়ার কারণে ট্রাম্পের সম্ভাব্য মুনাফা দাঁড়াতে পারে প্রায় ১৫ মিলিয়ন ডলার। ফাইন্যান্সিয়াল টাইমস প্রথম এই হিসাব প্রকাশ করে।এনভিডিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্র সরকারের উচ্চপর্যায় থেকে তারা বিভিন্ন মতামত ও পরামর্শ পেয়েছে। এসব আলোচনার পর হুয়াংকে পুনরায় নিয়োগ দিলে জাতীয় নিরাপত্তার জন্য কোনো হুমকি তৈরি হবে না বলে তারা নিশ্চিত হয়েছে। হুয়াংয়ের প্রত্যাবর্তনের পর ট্রাম্প বলেন, ‘এনভিডিয়ায় জেনসেনের নেতৃত্ব দেশের প্রয়োজন।’সোমবার সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেন, শেয়ারবাজারের বড় ধরনের পতন হুয়াংয়ের প্রতি তাঁর সমর্থনের সিদ্ধান্তে প্রভাব ফেলেছিল। পুনরায় নিয়োগের ক্ষেত্রে নিজের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমি তাদের রাজি করিয়েছি। আমিই চুক্তিটি করেছি।’
তবে ট্রাম্পের সম্ভাব্য আর্থিক লাভ নিয়ে প্রশ্ন তুলেছেন ডেমোক্র্যাট সিনেটররা। নিউইয়র্কের সিনেটর চাক শুমার অভিযোগ করেন, ট্রাম্প জাতীয় নিরাপত্তার চেয়ে নিজের আর্থিক স্বার্থ এবং ধনকুবের বন্ধুদের প্রয়োজনকে বেশি গুরুত্ব দিচ্ছেন।তিনি হুয়াংয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগও তোলেন। তাঁর দাবি, অত্যাধুনিক প্রযুক্তির চিপ চীনে পাঠানোর ঘটনা জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক। তবে হুয়াং ও এনভিডিয়া এসব অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি।
অ্যারিজোনার সিনেটর রুবেন গ্যালেগোও বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন। তাঁর মতে, হুয়াংয়ের প্রত্যাবর্তনের ঘোষণা দেওয়ার আগে শেয়ার কেনাবেচার ক্ষেত্রে কী ধরনের লেনদেন হয়েছিল, তা খতিয়ে দেখা প্রয়োজন।
গত ১২ নভেম্বর হুয়াংয়ের পদত্যাগের ঘোষণার পর প্রযুক্তি খাতের শেয়ারবাজারে বড় ধরনের ধস নামে। যুক্তরাষ্ট্রের বাজার থেকে কয়েক লাখ কোটি ডলারের সম্পদমূল্য হারিয়ে যায়। কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত হুয়াং বিভিন্ন তথ্যকেন্দ্র স্থাপনের চুক্তি এবং এআই খাতের পারস্পরিক বিনিয়োগ প্রকল্প এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন।প্রতিবেদনে বলা হয়েছে, বিবাহবহির্ভূত একাধিক সম্পর্কের তথ্য প্রকাশের পর হুয়াং পদত্যাগ করেন। এসব সম্পর্কের মধ্যে অ্যালিস হুয়াং নামের এক নারীর সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টিও ছিল। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ধারণা ছিল, ওই নারী চীনের হয়ে গুপ্তচরবৃত্তির সঙ্গে যুক্ত ছিলেন। তবে এসব অভিযোগের বিস্তারিত বিষয়ে হুয়াংয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
পদত্যাগের কয়েক দিনের মধ্যেই এনভিডিয়ায় ফেরার উদ্যোগ নেন হুয়াং। প্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের নেতারা তাঁকে পুনরায় নিয়োগ দেওয়ার পক্ষে অবস্থান নেন। প্রথমে পরিচালনা পর্ষদ তাঁর ফিরে আসার প্রস্তাব প্রত্যাখ্যান করলেও পরে ট্রাম্পের হস্তক্ষেপের পর সিদ্ধান্ত পরিবর্তন করে। ফিরে আসার পর কর্মীরা দাঁড়িয়ে করতালি দিয়ে তাঁকে স্বাগত জানান।এদিকে যুক্তরাষ্ট্র সরকার যখন হুয়াংকে পুনরায় নিয়োগ দেওয়ার বিষয়ে এনভিডিয়ার সঙ্গে যোগাযোগ করছিল, তখন সোমবার কেলেঙ্কারির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি গ্রাহক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয় দেশটির কর্মকর্তারা। সিঙ্গাপুরভিত্তিক মেগাস্পিড নামের একটি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়। এর আগে হুয়াং এই প্রতিষ্ঠানে কাজ করতেন। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ, তারা চীনকে এনভিডিয়ার অত্যাধুনিক এআই চিপ ব্যবহারের সুযোগ করে দিয়েছিল, যেগুলোর রপ্তানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। তবে মেগাস্পিড কোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে।
অন্যদিকে হোয়াইট হাউসের এক মুখপাত্র দাবি করেছেন, ট্রাম্পের শেয়ার ও বন্ডের তহবিল স্বাধীন তৃতীয় পক্ষের আর্থিক প্রতিষ্ঠান পরিচালনা করে। তাঁর বিনিয়োগগুলো বিবেচনাধিকারভিত্তিক হিসাবে রাখা হয়েছে এবং কম্পিউটারভিত্তিক মডেল স্বীকৃত বাজারসূচক অনুসরণ করে স্বয়ংক্রিয়ভাবে বিনিয়োগের সিদ্ধান্ত নেয়।
মুখপাত্র আরও বলেন, ট্রাম্প কিংবা তাঁর পরিবারের কোনো সদস্য এসব বিনিয়োগ কীভাবে পরিচালিত হবে বা কখন কোনো শেয়ার কেনা-বেচা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া, প্রভাব বিস্তার করা কিংবা মতামত দেওয়ার সুযোগ পান না।