সাইবার সুরক্ষা (সংশোধন) আইন-২০২৬-এর খসড়া চূড়ান্ত করতে কূটনৈতিক মিশনের প্রধান ও উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ সভা করেছে সরকার। সভায় সাংবাদিকদের গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি, মতপ্রকাশের স্বাধীনতা এবং সংবাদসূত্রের গোপনীয়তা নিশ্চিত করাসহ আইনের বিভিন্ন ধারা নিয়ে সুপারিশ তুলে ধরেন উন্নয়ন সহযোগীরা।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। এতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ফকির মাহবুব আনাম বলেন, নাগরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মৌলিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে সাইবার নিরাপত্তা আইন কাঠামো শক্তিশালী করতে চায় সরকার।
তিনি বলেন, দেশের অর্থনীতি ও সরকারি সেবা দ্রুত ডিজিটাল হচ্ছে। একই সঙ্গে বাড়ছে সাইবার হুমকির পরিধি ও জটিলতা। অতীতের কিছু আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ তৈরি হয়েছিল। সেই উদ্বেগ দূর করে স্বচ্ছ ও ভারসাম্যপূর্ণ আইন প্রণয়নে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ডিজিটাল নিরাপত্তা ও নাগরিক স্বাধীনতার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সবার মতামত প্রয়োজন বলেও জানান তিনি।আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সরকার কোনো জটিল বা অস্বচ্ছ প্রক্রিয়া চায় না। প্রযুক্তির অপব্যবহার রোধে আইনের সংশোধন জরুরি। একই সঙ্গে বাণিজ্যিক স্বার্থ বা অন্য কোনো প্রভাব যেন এ প্রক্রিয়াকে প্রভাবিত করতে না পারে, সেদিকে নজর রাখা হচ্ছে।
তিনি আরও বলেন, নাগরিক অধিকার সুরক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আইন প্রয়োগের অপব্যবহার ঠেকাতে সুপ্রিম কোর্টের বিচারিক পর্যালোচনাসহ পর্যাপ্ত প্রতিকারব্যবস্থা রয়েছে। মানবাধিকার কমিশনের স্বাধীন তদারকির ভূমিকা অক্ষুণ্ন রাখতে কমিশনকে কমিটির বাইরে রাখা হয়েছে।পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, সাইবার নিরাপত্তা শুধু জাতীয় বিষয় নয়, এটি বৈশ্বিক চ্যালেঞ্জ। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান জানাতে চায় সরকার।প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও ভিন্নমতের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। এআইনির্ভর সাইবার অপরাধ মোকাবিলায় ব্যক্তিগত ও আর্থিক তথ্যের সুরক্ষা এবং ডিজিটাল অবকাঠামোকে সমন্বিতভাবে শক্তিশালী করতে হবে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক উত্তম চর্চা অনুসরণ করে বেসরকারি খাত, নাগরিক সমাজ ও উন্নয়ন সহযোগীদের মতামত নিয়ে কাজ করছে সরকার।
সভায় যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থাসহ উন্নয়ন সহযোগীরা খসড়া আইনের বিষয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন। সরকারের উন্মুক্ত পরামর্শ প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে তারা বলেন, কার্যকর সাইবার নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা একসঙ্গে নিশ্চিত করা সম্ভব।
উন্নয়ন সহযোগীরা সাংবাদিকদের গ্রেপ্তারের আগে আদালতের অনুমতির বিধানসহ খসড়ার ইতিবাচক পরিবর্তনগুলোর প্রশংসা করেন। পাশাপাশি গুজব, অপতথ্য ও মানহানিসংক্রান্ত ধারাগুলো আরও সুনির্দিষ্ট করার এবং মানহানির ক্ষেত্রে অ-ফৌজদারি প্রতিকারের সুপারিশ করেন।এ ছাড়া কনটেন্ট ব্লকিংয়ে ট্রাইব্যুনালের অনুমোদন, স্বাধীন বিচারিক পর্যালোচনা, সব ধরনের সাংবাদিকের সুরক্ষা, সংবাদসূত্রের গোপনীয়তা এবং সৎ বিশ্বাসে সাংবাদিকতা করার ক্ষেত্রে আইনি রক্ষাকবচ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তারা।
সভায় মানহানি, হেয় প্রতিপন্ন করা ও সাইবার বুলিংয়ের বিষয়গুলো পৃথকভাবে বিবেচনা করে সংশ্লিষ্ট ধারাগুলো পুনর্বিন্যাস এবং সাইবার স্পেসের সংজ্ঞা আরও সুনির্দিষ্ট করার প্রস্তাবও আলোচনায় আসে।জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির মহাপরিচালক ড. মো. তৈয়বুর রহমান সভায় সাইবার সুরক্ষা (সংশোধন) আইন-২০২৬-এর খসড়া উপস্থাপন করেন। সভায় আইসিটি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা, বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রধান, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।