ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি রেদোয়ানুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আহসান-উল আম্বিয়া ও অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষক মো. সাদিকুল ইসলামসহ সংগঠনটির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বিশেষভাবে সহযোগিতা করেন যশোর জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সেফাউর রহমান।
এ সময় ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় জীবন কেবল সনদ অর্জনের সময় নয়, বরং নিজেকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলার গুরুত্বপূর্ণ সময়। তাই প্রথম বর্ষ থেকেই ক্যারিয়ার পরিকল্পনার পাশাপাশি যোগাযোগ দক্ষতা, নেটওয়ার্কিং ও সফট স্কিল বাড়ানোর প্রতি গুরুত্ব দিতে হবে। সময়ের সঠিক ব্যবহার, আত্মনিয়ন্ত্রণ এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে।
সভাপতির রেদোয়ানুল ইসলাম বলেন, আজ আমাদের জন্য অত্যন্ত আনন্দের, একই সঙ্গে কিছুটা আবেগের দিন। একদিকে আমরা জেলার নতুন প্রজন্মের শিক্ষার্থীদের বরণ করে নিচ্ছি, যাদের চোখে-মুখে রয়েছে নতুন স্বপ্ন, অন্যদিকে আমাদের অগ্রজদের বিদায় জানাচ্ছি, যারা এতদিন সংগঠন ও জেলাকে নানাভাবে সমৃদ্ধ করেছেন। জেলা কল্যাণ সমিতি কেবল একটি সংগঠন নয়, বরং ক্যাম্পাসে আমাদের এক টুকরো পরিবার। নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ অটুট রাখা, নতুনদের যেকোনো প্রয়োজনে পাশে দাঁড়ানো এবং সম্মিলিতভাবে নিজ জেলার আর্থসামাজিক ও শিক্ষার উন্নয়নে কাজ করাই এ সংগঠনের মূল লক্ষ্য।