দেশে ধীরে ধীরে কমছে বৃষ্টিপাতের প্রবণতা, বাড়ছে শীতের আমেজ। এরই মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা নেমে এসেছে ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।সোমবার (২৩ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ পরিস্থিতিতে আগামী ২৪ ঘণ্টায় দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এদিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।অন্যদিকে বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার থেকে শনিবার (২৬ থেকে ২৮ নভেম্বর) পর্যন্ত দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ তিন দিন আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বাগেরহাটের মোংলায়। এ ছাড়া চট্টগ্রামে ১৯, সৈয়দপুরে ১৭, পটুয়াখালীতে ১৫ এবং নোয়াখালীর হাতিয়ায় ১২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দেশের আরও কয়েকটি অঞ্চলেও বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।
তাপমাত্রার হিসাবে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে রাতের তাপমাত্রা কমে যাওয়ায় ধীরে ধীরে শীতের অনুভূতি বাড়তে পারে।