ভারতে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পর বন্দি প্রত্যর্পণ আইনে দেশে ফিরিয়ে আনা বাদল ফারাজীর চার সপ্তাহের প্যারোলে মুক্তির প্রক্রিয়া এগিয়ে নিতে পুলিশ এসকর্ট চেয়েছে মানবাধিকার ও আইনগত সহায়তা সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)।সোমবার (২৩ নভেম্বর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের কাছে পাঠানো এক চিঠিতে এ সহযোগিতা চেয়েছে সংস্থাটি।আসকের সিনিয়র সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবির স্বাক্ষরিত ওই চিঠির সঙ্গে গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে জারি করা প্যারোলে মুক্তির আদেশের অনুলিপিও সংযুক্ত করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ভারতের একটি মামলায় বাদল ফারাজীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরে বাংলাদেশ সরকার বন্দি প্রত্যর্পণ আইনের আওতায় তাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনে। তার মুক্তির দাবিতে আসক হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করে, যার নম্বর ১৩৭৬/২০১৯।
সম্প্রতি গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে বাদল ফারাজীকে চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি দেওয়ার আদেশ জারি করা হয়েছে। ওই আদেশে মুক্তির পর তাকে নিরাপদে তার স্থায়ী ঠিকানায় পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে।
আসক জানিয়েছে, কারাগার সূত্রে তারা জানতে পেরেছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয় থেকে প্রয়োজনীয় পুলিশ এসকর্টের ব্যবস্থা করা হলে বাদল ফারাজীকে কারাগার থেকে প্যারোলে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে।চিঠিতে আরও উল্লেখ করা হয়, দীর্ঘদিনের কারাভোগ ও আইনি প্রক্রিয়ার পর বাদল ফারাজীর প্যারোলে মুক্তির এই সুযোগ তার নিজের পাশাপাশি পরিবারের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মানবিক বিষয়।
এ অবস্থায় জেলা ম্যাজিস্ট্রেটের জারি করা আদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় পুলিশ এসকর্ট দেওয়া এবং তাকে নিরাপদে স্থায়ী ঠিকানায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিতে পুলিশ কমিশনারের আন্তরিক সহযোগিতা কামনা করেছে আসক।এখন পুলিশ এসকর্টের ব্যবস্থা সম্পন্ন হলেই বাদল ফারাজীর চার সপ্তাহের প্যারোলে মুক্তির পরবর্তী প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব হবে।