মত, পথ ও আদর্শের ভিন্নতা ভুলে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে সরকার। দেশে ফ্যাসিবাদবিরোধী যে রাজনৈতিক ঐক্য রয়েছে, তা আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি—এনসিপির চার সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি এ কথা জানান।
দুপুর ১টায় শুরু হওয়া এ বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলের শীর্ষ নেতারা অংশ নেন। প্রায় এক ঘণ্টা ধরে চলে আলোচনা।
মাহদী আমিন বলেন, পলাতক শক্তি যাতে দেশে কোনো ধরনের নাশকতা চালাতে না পারে, সে বিষয়ে ফ্যাসিবাদবিরোধী সব পক্ষ ঐক্যবদ্ধ রয়েছে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সরকার সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করবে। বাংলাদেশকে যেন আর কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, সে বিষয়েও সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও জানান, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং জুলাইয়ের চেতনার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে সরকারকেই জনগণ ও রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় আনতে হবে।
চলমান সহিংসতা এবং আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ফিরে আসার বিষয়ে ভারতের সংশ্লিষ্টতা রয়েছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। এ বিষয়ে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।বৈঠকে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য, দেশের চলমান পরিস্থিতি, নিরাপত্তা এবং জুলাই সনদ বাস্তবায়নের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মত ও আদর্শের ভিন্নতা থাকলেও ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে ঐক্য ধরে রাখা এবং জাতীয় স্বার্থে সম্মিলিত অবস্থান নিশ্চিত করাই তাদের লক্ষ্য।