নেপালের বন্যা-পরবর্তী পুনর্গঠন ও দীর্ঘমেয়াদি উন্নয়নে ২৪ হাজার কোটি নেপালি রুপির বড় সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে ভারত। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৫ হাজার কোটি রুপি। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অংশ হিসেবে এই ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার (২৩ নভেম্বর) নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে এ সহায়তার ঘোষণা দেন তিনি।
বালেন্দ্র শাহের প্রথম ভারত সফরকে ঘিরে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক নতুন করে আলোচনায় এসেছে। সফর উপলক্ষে অনুষ্ঠিত বৈঠকের পর ভারত ও নেপালের মধ্যে আটটি সমঝোতা স্মারক সই হয়েছে।
এসব সমঝোতার আওতায় নিরাপত্তা, পুলিশ প্রশিক্ষণ, মহাকাশ প্রযুক্তি, স্বাস্থ্য, আয়ুর্বেদ, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, নগর উন্নয়ন এবং পশুপালন ও মৎস্য খাতে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।বৈঠক শেষে নরেন্দ্র মোদি বলেন, নেপালের ভবিষ্যৎ এবং দুই দেশের সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকার তাঁকে আশাবাদী করেছে। তাঁর নেতৃত্বে নেপালের নতুন প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে বলেও মন্তব্য করেন মোদি।
অন্যদিকে, ভারতকে নেপালের নির্ভরযোগ্য প্রতিবেশী হিসেবে উল্লেখ করেন বালেন্দ্র শাহ। দুই দেশের বন্ধুত্ব হিমালয়ের মতো অটল এবং পারস্পরিক সহযোগিতা নদীর মতো অবিরাম রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নেপাল সফরের আমন্ত্রণ জানান।
বৈঠকে দুই দেশের যোগাযোগ ও অবকাঠামোগত সম্পর্ক উন্নয়নেও গুরুত্ব দেওয়া হয়। এ সময় অযোধ্যা-জনকপুর রেলসেবা চালু, জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন এবং সীমান্ত যোগাযোগ অবকাঠামো উন্নয়নে একাধিক উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।বিশ্লেষকদের মতে, বন্যা-পরবর্তী পুনর্গঠনে ভারতের বড় অঙ্কের সহায়তা এবং আটটি সমঝোতা স্মারক দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতাকে আরও বিস্তৃত করার সুযোগ তৈরি করবে। পাশাপাশি প্রতিবেশী দুই দেশের দীর্ঘদিনের সম্পর্কেও নতুন গতি আসতে পারে।