দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে এ কার্যক্রম শুরু হয়।রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, এবারের পরীক্ষায় প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০ থেকে ২৪ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময় বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনার সক্ষমতা যাচাইয়ে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা চালানো হবে।এর আগে গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো কেন্দ্রটি থেকে প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত করা হয়। তখন ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা ছিল। এ পর্যায়ে টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত ব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পরীক্ষা করা হয়।
পরিকল্পনা অনুযায়ী, প্রথম দফার পরীক্ষার পর কেন্দ্রটিকে গ্রিড থেকে বিচ্ছিন্ন করে বিভিন্ন কারিগরি পরীক্ষা চালানো হয়। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবার ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করার কথা ছিল। এরই ধারাবাহিকতায় সোমবার দ্বিতীয় দফার পরীক্ষামূলক সংযোগ শুরু হয়েছে।
পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন এ বিদ্যুৎকেন্দ্রে রয়েছে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট। দুটি ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। বাণিজ্যিক উৎপাদন শুরুর আগে টারবাইন, জেনারেটর, গ্রিডের সঙ্গে সামঞ্জস্য এবং নিরাপত্তা যাচাইয়ে ধাপে ধাপে এসব পরীক্ষা চালানো হচ্ছে বলে জানিয়েছেন প্রকল্পের উপপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান।
এদিকে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ১০ দিনব্যাপী জরুরি প্রস্তুতি পর্যালোচনা শেষে প্রকাশিত প্রতিবেদনে রূপপুর কেন্দ্রের জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি ও অবকাঠামোগত সক্ষমতার প্রশংসা করা হয়েছে। গত ৮ থেকে ১৮ নভেম্বর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এ পর্যালোচনা হয়।
প্রতিবেদনে কেন্দ্রটির নিজস্ব জরুরি সাড়াদানব্যবস্থা, বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র এবং অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ অবকাঠামোকে ইতিবাচক দিক হিসেবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের পরামর্শ দিয়েছে আইএইএ।রূপপুরের প্রথম ইউনিটের বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হওয়ায় দেশের জ্বালানি খাতে পারমাণবিক বিদ্যুতের ব্যবহার বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়েছে বাংলাদেশ।