শুধু আর্থিক রেমিট্যান্স নয়, প্রবাসী বাংলাদেশিদের মেধা, জ্ঞান, অভিজ্ঞতা ও গবেষণালব্ধ অর্জনও দেশের উন্নয়নে কাজে লাগাতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের এক অনুষ্ঠানে এ কথা বলেছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, প্রবাসীদের মেধাভিত্তিক অবদান বা ‘ইন্টেলেকচুয়াল রেমিট্যান্স’ নিশ্চিত করার পক্ষে কথা বলতেই তারা এসেছেন।
রোববার, ২২ নভেম্বর স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ক্যাম্পবেলটাউনে আয়োজিত ‘জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী সময়: ভয়েসেস ফ্রম অস্ট্রেলিয়া’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।ডা. শফিকুর রহমান বলেন, বিশ্বের বিভিন্ন দেশে থাকা মেধাবী বাংলাদেশিরা যেন দেশে ফিরে উন্নয়নে ভূমিকা রাখতে পারেন, সে পরিবেশ তৈরি করতে চায় জামায়াত। সুযোগ পেলে তাদের সঙ্গে অতিথির মতো নয়, বরং ভাই, সন্তান ও পিতার মতো আচরণ করা হবে।
জুলাই গণ-অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, দেশের গণমাধ্যম যখন নির্যাতন-নিপীড়নের চিত্র যথাযথভাবে তুলে ধরতে পারেনি, তখন প্রবাসীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সেসব ঘটনা বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন। বিভিন্ন দেশে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অনেকে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের দাবিতে রাজপথে নেমেছেন। এ কারণে অনেককে গ্রেফতার, কারাবরণ ও শাস্তির মুখোমুখি হতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তার দাবি, এখনো ৫৪ জন প্রবাসী কারাগারে রয়েছেন।প্রবাসীদের সম্মান ও অধিকার প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও বিমানবন্দরসহ বিভিন্ন জায়গায় প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে। এমনকি শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনাও ঘটেছে। তিনি প্রবাসীদের যথাযথ মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেও তাদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান।
জুলাই আন্দোলনে আহত ও শহীদদের স্মরণ করে তিনি বলেন, অনেক যোদ্ধা হাত-পা কিংবা চোখ হারিয়েও মনোবল হারাননি। জাতির প্রয়োজনে আবারও লড়াই করার প্রত্যয় জানিয়েছেন তারা। তার ভাষায়, জুলাই অভ্যুত্থানের প্রকৃত নায়ক কোনো একক ব্যক্তি বা দল নয়; বরং অসংখ্য ছাত্র-জনতা, সাধারণ মানুষ ও সাহসী মায়েরা।তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন, মানবিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা। শহীদরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পদ নন, তারা পুরো জাতির সম্পদ।জুলাই-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শফিকুর রহমান বলেন, গণভোটে জনগণের দেওয়া রায় এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করার ওপরও গুরুত্ব দেন তিনি।
তরুণদের নেতৃত্ব প্রসঙ্গে জামায়াত আমির বলেন, বাংলাদেশকে তরুণ প্রজন্মের হাতে তুলে দিতে চান তারা। তার দাবি, তাদের এবারের প্রার্থী তালিকার ৬২ শতাংশের বয়স ৪৫ বছরের নিচে। দেশের উন্নয়নে নারী-পুরুষ সবার সমান অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার কথাও বলেন তিনি।সরকার ও বিরোধী দলের সম্পর্কের বিষয়ে তিনি জানান, জাতীয় স্বার্থে সরকারের ভালো উদ্যোগে সমর্থন দেবে বিরোধী দল। তবে ভুল হলে প্রতিবাদ জানাবে। একই সঙ্গে দুর্নীতি, সন্ত্রাস, নৈরাজ্য ওআইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সরকারকে।
অনুষ্ঠানে অস্ট্রেলিয়ায় বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমানসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।প্রবাসীদের আর্থিক অবদানের পাশাপাশি মেধা ও অভিজ্ঞতাকে দেশের উন্নয়নে যুক্ত করার আহ্বান এবং জুলাই-পরবর্তী রাষ্ট্র সংস্কারের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানে নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরেন ডা. শফিকুর রহমান।