ইনস্টাগ্রামে কয়েকজন নেতার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মেটার বিরুদ্ধে দেশজুড়ে আরও বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের যুব সংগঠন ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেস। সংগঠনটির দাবি, বন্ধ করে দেওয়া অ্যাকাউন্টগুলো পুনরায় চালু না করলে দেশের বিভিন্ন স্থানে মেটার কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ করা হবে।শুক্রবার হায়দরাবাদে মেটার কার্যালয়ের বাইরে বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড নিয়ে ভবনে প্রবেশ করেন এবং সেখানে থাকা গাছের টব ভাঙচুর করেন। সংগঠনটির এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে এসব দৃশ্য দেখা গেছে।
এর পরদিন শনিবার এক পোস্টে ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেস জানায়, তাদের নেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পুনরায় চালু না করলে দেশজুড়ে মেটার কার্যালয়গুলোতে বিক্ষোভ করা হবে। এমনকি কার্যালয়ে হামলার হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।বার্তা সংস্থা রয়টার্সকে সংগঠনটির সামাজিক যোগাযোগমাধ্যমবিষয়ক দায়িত্বপ্রাপ্ত মানু জৈন জানান, শুক্রবারের বিক্ষোভের পর তাদের দুটি অ্যাকাউন্ট পুনরায় চালু করা হয়েছে। তবে সরকারের সমালোচনাকারী সাংবাদিক, কনটেন্ট নির্মাতা ও ইনফ্লুয়েন্সারদের বহু অ্যাকাউন্ট এখনো সীমাবদ্ধ রয়েছে বলে দাবি করেন তিনি।এদিকে ভারতে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে সমালোচনামূলক কনটেন্ট সরাতে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ওপর চাপ দেওয়ার অভিযোগ রয়েছে। তবে সরকার বলছে, স্থানীয় আইন, জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার স্বার্থেই কনটেন্ট সরানোর নির্দেশ দেওয়া হয়।মেটার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে ভারতের স্থানীয় আইনের আওতায় ৫৪ লাখের বেশি পোস্ট ও অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।