জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স—ইজিডিআই ২০২৬-এ তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১৯৪টি দেশের মধ্যে ৯৭তম অবস্থানে উঠে এসেছে দেশটি। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো দুই অঙ্কের র্যাঙ্কিংয়ে প্রবেশ করল বাংলাদেশ। ২০২৪ সালে এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম।
এবার সর্বকালের সর্বোচ্চ শূন্য দশমিক ৬৮৯৩ স্কোর অর্জন করেছে বাংলাদেশ। একই সঙ্গে ‘হাই ইজিডিআই’ বা উচ্চ ই-গভর্নমেন্ট শ্রেণিতে নিজেদের অবস্থান ধরে রেখেছে। বাংলাদেশের এই স্কোর ২০২৬ সালের বৈশ্বিক গড় স্কোর শূন্য দশমিক ৬৬৭৫-এর চেয়েও বেশি।ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সূচকটির দুটি উপাদানেও রেকর্ড স্কোর অর্জন করেছে বাংলাদেশ। অনলাইন সার্ভিস ইনডেক্সে স্কোর শূন্য দশমিক ৮১ এবং টেলিযোগাযোগ অবকাঠামো সূচকে শূন্য দশমিক ৬৯।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ—ইউএন ডেসা প্রকাশিত ‘২০২৬ ইউএন ই-গভর্নমেন্ট সার্ভে’তে এসব তথ্য উঠে এসেছে।এবারের সূচকে শীর্ষ অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। নাগরিক সেবায় ডিজিটাল সক্ষমতা ও অবকাঠামোগত অগ্রগতির তিনটি মানদণ্ডের ভিত্তিতে তৈরি এই সূচকে ১৫১টি দেশ উচ্চ বা অত্যন্ত উচ্চ শ্রেণিতে জায়গা করে নিয়েছে।সংশ্লিষ্টদের মতে, ই-গভর্নমেন্ট সূচকে বাংলাদেশের এই অগ্রগতি সরকারি সেবার ডিজিটালাইজেশন এবং টেলিযোগাযোগ অবকাঠামোর উন্নয়নের প্রতিফলন। তবে এই অগ্রগতির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ডিজিটাল সেবার মান, সহজলভ্যতা ও অন্তর্ভুক্তি আরও বাড়ানো জরুরি।