দেশপ্রেমিক জনগণ, জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার ও সশস্ত্র বাহিনী ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার বিকেলে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার পাশাপাশি বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র হয়েছে। তবে দেশের স্বাধীনতা ও জনগণের স্বার্থ রক্ষায় সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে ভূমিকা রেখেছে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং একটি নিরাপদ, স্বনির্ভর ও গণতান্ত্রিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠাকে তিনি শহীদদের প্রতি জাতির প্রধান দায়িত্ব হিসেবে উল্লেখ করেন।সশস্ত্র বাহিনীকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার প্রত্যয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ ও মহাকাশভিত্তিক নজরদারির সক্ষমতা অর্জনে সরকার কাজ করছে। এ লক্ষ্যে নতুন প্ল্যানিং গাইডেন্স প্রণয়ন করা হয়েছে।
সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণে ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাংক, ওয়ান পেনশন’ ব্যবস্থা চালুর ঘোষণাও দেন তিনি। পাশাপাশি চেইন অব কমান্ড, শৃঙ্খলা, দক্ষতা ও জনগণের আস্থা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।প্রধানমন্ত্রী জাতিসংঘের শান্তিরক্ষা মিশনসহ দেশ-বিদেশে সশস্ত্র বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনের প্রশংসা করেন। একই সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ ও আহত সদস্যদের স্মরণ করেন।বক্তব্যে সেনানিবাসের সঙ্গে পারিবারিক স্মৃতির কথা তুলে ধরে তিনি প্রয়াত মা বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া চান। প্রধানমন্ত্রী জানান, ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানটিই ছিল তাঁর মায়ের জীবনের শেষ অংশগ্রহণ।