ইরানের শাসকগোষ্ঠীর ঘনিষ্ঠ চার ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। অবৈধভাবে তেল বিক্রির অর্থ দিয়ে ইরানের সামরিক বাহিনী ও সন্ত্রাসবাদে শাসকগোষ্ঠীর সমর্থন জোগাতে সহায়তার অভিযোগে তাদের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড করপসের (আইআরজিসি) সাবেক এক গোয়েন্দা কর্মকর্তা এবং ইরানের বিমান সংস্থা মাহান এয়ারের প্রধানের ছেলে।
বিবৃতিতে বলা হয়, মাহান এয়ারকে ইরানের শাসকগোষ্ঠী আইআরজিসির কুদস ফোর্সের জন্য অস্ত্র ও যোদ্ধা পরিবহনে ব্যবহার করে।যুক্তরাষ্ট্রের এ নিষেধাজ্ঞা ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর অংশ। ইরানের শাসকগোষ্ঠীকে টিকিয়ে রাখতে সহায়তাকারী অবৈধ অর্থপ্রবাহ বন্ধ করাই এই সমন্বিত সরকারি অভিযানের লক্ষ্য।বিবৃতিতে আরও বলা হয়, ইরানের রাজস্ব আয়ের পথ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ওয়াশিংটনের অভিযোগ, তেহরান এসব অর্থ ব্যবহার করে আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টি করছে, যুক্তরাষ্ট্রের অংশীদারদের হুমকি দিচ্ছে এবং নিজেদের বিপজ্জনক উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নের চেষ্টা করছে।