ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৩০ নভেম্বর থেকে ‘ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড’ পরিচালিত কেন্দ্র দুটির কার্যক্রম বন্ধ হয়ে যাবে।সম্প্রতি কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের সঙ্গে ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের ভিসা আউটসোর্সিং-সংক্রান্ত চুক্তির মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হচ্ছে। মেয়াদ শেষ হওয়ার পর প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ কারণে প্রতিষ্ঠানটির পরিচালনায় থাকা কলকাতা ও শিলিগুড়ির ভিসা আবেদন কেন্দ্র দুটি বন্ধ করা হচ্ছে।
এ অবস্থায় ভিসার জন্য আবেদন করতে ইচ্ছুক ব্যক্তিদের সতর্ক করেছে উপ-দূতাবাস। বিশেষ করে ৩০ নভেম্বরের পর ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড পরিচালিত কেন্দ্র দুটিতে কোনো ধরনের ভিসার আবেদন জমা না দিতে অনুরোধ জানানো হয়েছে।তবে বন্ধ হতে যাওয়া কেন্দ্র দুটির পরিবর্তে নতুন কোন প্রতিষ্ঠান ভিসা আবেদন কার্যক্রম পরিচালনা করবে, তা এখনো জানানো হয়নি। একইভাবে নতুন আবেদন কেন্দ্রগুলোর ঠিকানাও প্রকাশ করা হয়নি।উপ-দূতাবাস জানিয়েছে, নতুন ভিসা আবেদন কেন্দ্রের নাম ও ঠিকানা যথাসময়ে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।