চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম মাসিক মজুরি বাড়িয়েছে সরকার। নতুন কাঠামো অনুযায়ী, শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৪ হাজার ৮০০ টাকা বাড়িয়ে ১১ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এই খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ছিল ৭ হাজার ১০০ টাকা।অন্যদিকে, কর্মচারীদের ন্যূনতম মজুরি ৫ হাজার ৮৮০ টাকা বাড়িয়ে ১৪ হাজার ৪০৫ টাকা করা হয়েছে। আগে তাঁদের সর্বনিম্ন মজুরি ছিল ৮ হাজার ৫২৫ টাকা। এ ছাড়া শিক্ষানবিশ কর্মচারীদের মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা।গত সপ্তাহে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নতুন মজুরিকাঠামো চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে সর্বশেষ ২০২০ সালের সেপ্টেম্বর মাসে মজুরি বোর্ডের মাধ্যমে এ খাতের বেতন নির্ধারণ করা হয়েছিল।
নতুন কাঠামোয় শ্রমিকদের জন্য ছয়টি গ্রেড রাখা হয়েছে। এর মধ্যে ষষ্ঠ গ্রেডের সহকারী অপারেটরদের সর্বনিম্ন মাসিক মজুরি ১১ হাজার ৯০০ টাকা। এই অঙ্কের মধ্যে মূল বেতন ৬ হাজার, বাড়িভাড়া ৩ হাজার, চিকিৎসা ভাতা ১ হাজার, যাতায়াত ভাতা ৬০০ এবং খাদ্য ভাতা ১ হাজার ৩০০ টাকা।শ্রমিকদের সব গ্রেডে চিকিৎসা, যাতায়াত ও খাদ্য বাবদ মোট ২ হাজার ৯০০ টাকা ভাতা সমান হারে নির্ধারণ করা হয়েছে।অন্য গ্রেডগুলোর মধ্যে পঞ্চম গ্রেডের জেনারেল অপারেটরদের মজুরি ১৩ হাজার ৮৫ টাকা, চতুর্থ গ্রেডের জুনিয়র অপারেটরদের ১৪ হাজার ৪০৫ টাকা, তৃতীয় গ্রেডের অপারেটরদের ১৫ হাজার ৮৭৫ টাকা এবং দ্বিতীয় গ্রেডের সিনিয়র অপারেটরদের ১৭ হাজার ৯৪৫ টাকা করা হয়েছে। সর্বোচ্চ প্রথম গ্রেডে চিফ কোয়ালিটি কন্ট্রোলার, লাইন লিডার ও স্যাম্পল ম্যান পদের মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ২৩ হাজার ২৫৫ টাকা।
কর্মচারীদের জন্য রাখা হয়েছে চারটি গ্রেড। সর্বনিম্ন চতুর্থ গ্রেডে মজুরি ১৪ হাজার ৪০৫ টাকা। এর মধ্যে মূল বেতন ৭ হাজার ৬৭০ টাকা এবং বাড়িভাড়া ৩ হাজার ৮৩৫ টাকা। শ্রমিকদের মতো কর্মচারীরাও চিকিৎসা, যাতায়াত ও খাদ্য বাবদ মোট ২ হাজার ৯০০ টাকা ভাতা পাবেন।এ ছাড়া তৃতীয় গ্রেডের কর্মচারীদের মাসিক মজুরি ১৬ হাজার ২৩৫ টাকা, দ্বিতীয় গ্রেডে ১৮ হাজার ৮১৫ টাকা এবং সর্বোচ্চ প্রথম গ্রেডে ২০ হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।