সাত দফা দাবি বাস্তবায়নসহ বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানাতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (২১ নভেম্বর) বেলা ১টা ৩০ মিনিটে ঢাকা মহানগরী জামায়াতের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, ১১ দলীয় ঐক্যের উত্থাপিত সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে এর প্রতিবাদ জানানো হবে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগও কর্মসূচির অন্যতম বিষয়।জামায়াতের এই কর্মসূচিতে দলটির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন এহসানুল মাহবুব জুবায়ের।