সংবাদপাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করে বড় পর্দায় পা রেখেছিলেন শবনম ইয়াসমিন বুবলী। অভিষেকেই জুটি বাঁধেন ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে জায়গা করে নেন জনপ্রিয় নায়িকাদের তালিকায়। তবে সময়ের সঙ্গে শুধু শাকিব খানের নায়িকা হিসেবে নয়, নিজের অভিনয়গুণে আলাদা পরিচিতি গড়ার চেষ্টাও করেছেন তিনি।
২০১৬ সালে নির্মাতা শামীম আহমেদ রনির ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় বুবলীর। এতে তার বিপরীতে ছিলেন শাকিব খান। একই ঈদে মুক্তি পায় এই জুটির আরেক সিনেমা ‘শুটার’। শুরুতেই দর্শকের নজর কাড়েন বুবলী।এরপর ‘রংবাজ’, ‘অহংকার’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’, ‘পাসওয়ার্ড’, ‘মনের মতো মানুষ পাইলাম না’ ও ‘বীর’সহ বেশ কয়েকটি সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি। পর্দায় এই জুটির জনপ্রিয়তা তাকে ঢালিউডের প্রথম সারির নায়িকাদের আলোচনায় নিয়ে আসে।
শাকিব-বুবলীর সম্পর্ক নিয়েও শুরু থেকেই ছিল নানা আলোচনা। দীর্ঘদিন গুঞ্জন চলার পর ২০২২ সালের সেপ্টেম্বরে দুজনই সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ে ও সন্তানের খবর প্রকাশ করেন। বুবলীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানের সঙ্গে তার বিয়ে হয়। ২০২০ সালের ২১ মার্চ জন্ম নেয় তাদের ছেলে শেহজাদ খান বীর।তবে জনপ্রিয় এই জুটির বাইরে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করাও বুবলীর জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেই লক্ষ্যেই অন্য নায়কদের সঙ্গে কাজ শুরু করেন তিনি। নিরবের বিপরীতে ‘ক্যাসিনো’, আদর আজাদের সঙ্গে ‘লোকাল’, মাহফুজ আহমেদের বিপরীতে ‘প্রহেলিকা’, শরিফুল রাজের সঙ্গে ‘দেয়ালের দেশ’ এবং সিয়াম আহমেদের বিপরীতে ‘টান’ ও ‘জংলি’ সিনেমায় অভিনয় করেন।
এসব সিনেমায় চরিত্রের বৈচিত্র্যের পাশাপাশি অভিনয়েও নতুনভাবে নিজেকে তুলে ধরার চেষ্টা করেছেন বুবলী। বিশেষ করে ‘প্রহেলিকা’ সিনেমায় অর্পা চরিত্রে তার অভিনয় দর্শক ও নির্মাতাদের প্রশংসা অর্জন করে।‘দেয়ালের দেশ’ সিনেমায় অভিনয়ের জন্য ২০২৬ সালে নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর সম্মাননা পান বুবলী। এ ছাড়া ‘প্রহেলিকা’র জন্য বিএফডিএ অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন তিনি।সব মিলিয়ে শাকিব খানের সঙ্গে জুটি গড়ে পাওয়া জনপ্রিয়তার পাশাপাশি ভিন্ন চরিত্রে অভিনয় এবং পুরস্কার অর্জনের মধ্য দিয়ে নিজের আলাদা অবস্থান তৈরির পথে এগিয়ে যাচ্ছেন বুবলী। সংবাদপাঠিকা থেকে চলচ্চিত্রের নায়িকা হয়ে ওঠার এক দশকের যাত্রায় তার ক্যারিয়ারে যুক্ত হয়েছে নানা অভিজ্ঞতা ও স্বীকৃতি।