স্বাধীন বাংলাদেশের প্রথম মানচিত্রখচিত জাতীয় পতাকার উত্তোলক, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক আ স ম আবদুর রব গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তার শারীরিক অবস্থার অবনতির খবরে পরিবার, স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। একই সঙ্গে তার জন্মভূমি বৃহত্তর রামগতি ও কমলনগর এলাকার মানুষের মধ্যেও ছড়িয়ে পড়েছে উৎকণ্ঠা।
তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার। পারিবারিক সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় স্বজন ও দলীয় নেতাকর্মীরা উদ্বিগ্ন রয়েছেন।পরিবারের পক্ষ থেকে কমলনগর উপজেলা জেএসডির সভাপতি ও সাবেক অধ্যক্ষ আবদুল মোতালেব এবং জাতীয় যুব পরিষদের আহ্বায়ক এম এ এহসান রিয়াজ দেশবাসীর কাছে তার রোগমুক্তি ও নেক হায়াতের জন্য দোয়া কামনা করেছেন।
ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয়
আ স ম আবদুর রবের পুরো নাম আবু সায়েদ মোহাম্মদ আবদুর রব। ১৯৪৫ সালের ২ জানুয়ারি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের চর বেদমা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা আলী আজ্জম এবং মা মাজেদা খাতুন।
শৈশব থেকেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মনোভাবের পরিচয় দেন তিনি। ১৯৫৮ সালে অষ্টম শ্রেণিতে পড়ার সময় ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে তার রাজনৈতিক সংগ্রামের সূচনা হয়।
পরবর্তী সময়ে ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ছয় দফা ও এগারো দফা আন্দোলন এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে সামনের সারিতে থেকে ভূমিকা রাখেন তিনি। ১৯৬৯-৭০ মেয়াদে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর ১৯৭০-৭১ মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) হন।
স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন
বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে আ স ম আবদুর রবের অন্যতম পরিচিত ভূমিকা ১৯৭১ সালের ২ মার্চ। ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় ছাত্রসমাবেশে স্বাধীন বাংলাদেশের প্রথম মানচিত্রখচিত জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি।
এর পরদিন ৩ মার্চ পল্টন ময়দানে স্বাধীনতার ইশতেহার পাঠের অন্যতম রূপকার ছিলেন আবদুর রব। ২৩ মার্চ আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে সেই পতাকা তুলে দেন তিনি।
মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের শীর্ষ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি মুজিব বাহিনীর পূর্বাঞ্চলীয় জোনের উপ-অধিনায়ক হিসেবেও সক্রিয় ভূমিকা রাখেন।
জাসদ গঠন থেকে মন্ত্রিসভায় দায়িত্ব
স্বাধীনতার পর ১৯৭২ সালের ৩১ অক্টোবর সিরাজুল আলম খান ও মেজর (অব.) এম এ জলিলের সঙ্গে মিলে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠন করেন আবদুর রব। বর্তমানে দলটির একাংশ জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।১৯৭৪ সালের ১৭ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচিতে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হন এবং গ্রেফতার হন। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের পর তিনি মুক্তি পেলেও পরবর্তী সময়ে সামরিক আদালতে তার ১০ বছরের কারাদণ্ড হয়। ১৯৭৯ সালে উন্নত চিকিৎসার জন্য তাকে পশ্চিম জার্মানিতে পাঠানো হয়।
সংসদ সদস্য ও বিরোধীদলীয় নেতা
দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আ স ম আবদুর রব। ১৯৮৬ ও ১৯৯৬ সালে লক্ষ্মীপুর-৪ আসন থেকে এবং ১৯৮৮ সালে ঢাকা-১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।১৯৮৮ সালে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেন। পরে ১৯৯৬ সালে গঠিত মন্ত্রিসভায় যোগ দিয়ে ২০০১ সাল পর্যন্ত নৌপরিবহণ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
জন্মভূমির মানুষের উদ্বেগ
বৃহত্তর রামগতি ও কমলনগরের উন্নয়ন এবং স্থানীয় মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে এলাকায় তার দীর্ঘদিনের পরিচিতি রয়েছে। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় মানুষের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।পরিবার, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীরা তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। পাশাপাশি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, যাতে তিনি সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।