গাজীপুরের কালীগঞ্জে ইয়াবা বিক্রি ও সেবনের উদ্দেশ্যে সংরক্ষণের অভিযোগে মো. রতন মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাকে ১০০ টাকা অর্থদণ্ডও করা হয়।
শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. টি. এম. কামরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে রতন মিয়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে চার পিস ইয়াবা এবং মাদক সেবনের বিভিন্ন উপকরণ, যেমন ফয়েল পেপার ও সেবনের কাজে ব্যবহৃত বোতল উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়।
মামলা নম্বর ২১/২০২৬। আদালত তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ডের ডি.সি.আর. নম্বর ৮৬৩২৫২।
অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা শামীম।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. টি. এম. কামরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মাদকবিরোধী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।