প্রকৃতিতে শীতের আমেজ শুরু হয়েছে। বাজারে উঠতে শুরু করেছে নতুন শীতকালীন সবজি। কিন্তু তাতেও স্বস্তি ফিরছে না ক্রেতাদের মধ্যে। চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামে চাপে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। বৃষ্টি ও পরিবহণ সমস্যার অজুহাতে কয়েক ধরনের সবজির দামও বেড়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর খিলক্ষেত, আগারগাঁও, মহাখালী ও কারওয়ান বাজারের বিভিন্ন দোকান ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।
চাল ব্যবসায়ীরা বলছেন, পুরোনো নাজিরশাইল চালের মজুত প্রায় শেষ পর্যায়ে। ফলে মিল পর্যায়ে দাম বাড়ার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। তবে নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরের মাঝামাঝি নতুন আমন ধান বাজারে আসতে শুরু করলে চালের দাম কমতে পারে বলে আশা করছেন তাঁরা।
বাজারে বর্তমানে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে নাজিরশাইল চাল। গত ১৫ থেকে ২০ দিনের ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে ৩ থেকে ৪ টাকা। এখন খুচরা বাজারে প্রতি কেজি নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। দুই সপ্তাহ আগেও দাম ছিল কেজিপ্রতি প্রায় ৮৫ টাকার আশপাশে।
ক্রেতাদের কাছে জনপ্রিয় সরু জাতের মিনিকেট চালের দামও বেড়েছে। গত দুই সপ্তাহে কেজিতে প্রায় ২ টাকা বেড়ে বর্তমানে ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি মানের পায়জাম ও ব্রি-২৮-২৯ চাল কিনতে প্রতি কেজিতে গুনতে হচ্ছে ৫৬ থেকে ৬২ টাকা।
তবে মোটা জাতের গুটি স্বর্ণা ও চায়না ইরি চালের দাম অপরিবর্তিত রয়েছে। এসব চালের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৪ টাকায়।
কারওয়ান বাজারের এক খুচরা চাল বিক্রেতা জানান, ধানের মজুত প্রায় শেষ হয়ে আসছে। এ কারণে পাইকারি বাজারে ২৫ কেজির নাজিরশাইল চালের বস্তায় ৪০ থেকে ৬০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। নভেম্বরের শেষ দিকে আমন ধান সংগ্রহ শুরু হলে নতুন চাল বাজারে আসবে। তখন দাম কমতে পারে।
তবে নাজিরশাইলের সরবরাহ কমে যাওয়ার ব্যাখ্যা দিলেও মিনিকেটের দাম বাড়ার সুনির্দিষ্ট কারণ জানাতে পারেননি ব্যবসায়ীরা। তাঁদের কেউ কেউ মনে করছেন, নাজিরশাইলের দাম বাড়ার সুযোগে চালকল মালিকেরা মিনিকেটের দামও বাড়িয়েছেন।
এদিকে চলতি বছরে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া পোলাও চালের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। বর্তমানে খোলা পোলাও চালের কেজি ১৮০ থেকে ১৯০ টাকা। দুই মাস আগেও দাম ছিল ২০০ টাকার বেশি। অন্যদিকে প্যাকেটজাত পোলাও চাল বিক্রি হচ্ছে ২১০ থেকে ২৩০ টাকা কেজি দরে।
খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত সরকারি গুদামে চালের মজুত ছিল ১৭ লাখ টনের বেশি। গমসহ সব ধরনের খাদ্যশস্যের মোট মজুত দাঁড়িয়েছে প্রায় ২০ লাখ ৫১ হাজার ২৪৯ টন।
চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরকার ৩ লাখ টন আমন ধান, ৫ লাখ টন সেদ্ধ চাল এবং ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
অন্যদিকে বৃষ্টি ও পরিবহণ সমস্যায় রাজধানীর সবজির বাজারেও সরবরাহ কমেছে। বিক্রেতাদের দাবি, দেশের বিভিন্ন এলাকায় রাজনৈতিক পরিস্থিতির কারণে সবজি পরিবহণকারী ট্রাকের সংখ্যা কমেছে। এর সঙ্গে সারাদিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ক্রেতার উপস্থিতিও কম ছিল। ফলে বিক্রিও আগের তুলনায় কমেছে।
বর্তমানে আকারভেদে প্রতিটি ফুলকপি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪৫ টাকায়। মাত্র দুই দিন আগেও একই ফুলকপি পাওয়া যেত ২৫ থেকে ৩৫ টাকায়।
প্রতি কেজি শিমের দাম বেড়ে দাঁড়িয়েছে ৭০ থেকে ৮০ টাকায়। বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৯০ টাকায়। এ ছাড়া পটোল ও ঢ্যাঁড়শের দাম কেজিতে ১০ টাকা বেড়ে এখন ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
নতুন আলুর কেজি ১১০ থেকে ১২০ টাকা। পুরোনো আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। অন্যান্য সবজির দাম মোটামুটি আগের অবস্থায় রয়েছে।
খিলক্ষেতে ভাসমান সবজি বিক্রেতা করিম জানান, কয়েক ধরনের সবজির পাঁচ কেজির পাল্লায় ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। বৃষ্টির কারণে ক্রেতা কমে গেছে। তবে বেশি দামে সবজি কিনে বিক্রি করতে না পারলে লোকসানে পড়তে হবে তাঁকে।
কারওয়ান বাজারের এক পাইকারি বিক্রেতার ভাষ্য, বৃষ্টির পাশাপাশি বিভিন্ন স্থানে দাঙ্গা-হাঙ্গামার কারণে সবজি পরিবহণকারী ট্রাকের সংখ্যা কমেছে। সরবরাহ কমে যাওয়ায় বাজারে দাম বাড়ছে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে এবং সরবরাহ স্বাভাবিক হলে শীতকালীন সবজির দাম কমতে পারে।
এদিকে গত সপ্তাহের তুলনায় ডিম ও মুরগির বাজারে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। ব্রয়লার মুরগির কেজি ১৭০ থেকে ১৮০ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩১০ টাকায়।
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এসএম নাজের হোসাইন মনে করেন, বর্তমান পরিস্থিতিতে চালের দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই।
তিনি বলেন, ব্যবসায়ীরা বিভিন্ন সময়ে নানা অজুহাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দেন। তাঁর অভিযোগ, করপোরেট প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণে বাজার চলে যাওয়ায় পরিস্থিতি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে। এসব প্রতিষ্ঠান নিজেদের ইচ্ছামতো দাম বাড়ালেও সরকার কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।
বাজার বিশ্লেষকদের মতে, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ঠেকাতে পাইকারি ও খুচরা বাজারের দামের পার্থক্য নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। পাশাপাশি মিলগেটের মূল্য প্রকাশ এবং অযৌক্তিক মুনাফা বন্ধে বাজার তদারকি আরও জোরদার করা জরুরি।
সব মিলিয়ে শীতের সবজি বাজারে এলেও দাম কমার অপেক্ষায় থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। চাল ও নিত্যপণ্যের বাড়তি খরচে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা।