নারায়ণগঞ্জের ফতুল্লায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পরিত্যক্ত বাসভবনে অগ্নিসংযোগ ও বিক্ষোভ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার(১৯ নভেম্বর) রাতে ফতুল্লার জামতলা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতের দিকে হঠাৎ করেই ছাত্রদল নেতা রিফাতের নেতৃত্বে একদল নেতাকর্মী মিছিল নিয়ে ফতুল্লার জামতলায় অবস্থিত শামীম ওসমানের পরিত্যক্ত ডুপ্লেক্স বাড়িটির সামনে জড়ো হন। একপর্যায়ে তারা বাড়িটিতে আগুন ধরিয়ে দেন এবং সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন।
বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের কোথাও কোনো ধরনের নাশকতার চেষ্টা করা হলে নিষিদ্ধ সংগঠনের কাউকে ছাড় দেওয়া হবে না। পরবর্তীতে স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, অগ্নিসংযোগের খবর পাওয়ার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।(উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের সময় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর থেকেই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।)