দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর নিজ এলাকায় ফিরেও পুলিশের হাত থেকে রেহাই পেলেন না নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক আবু হাসনাত হিমেল। নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করেছে জয়পুরহাটের আক্কেলপুর থানা পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে আক্কেলপুর উপজেলার রোয়াইড় গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, হিমেল বাড়িতে অবস্থান করছেন এমন সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তার আবু হাসনাত হিমেলের বয়স ৩৪ বছর। তিনি আক্কেলপুর উপজেলার রোয়াইড় গ্রামের মাহাবুব আলম সরদারের ছেলে। ২০১৯ সালে তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ঢাকায় আত্মগোপনে ছিলেন সাবেক এই ছাত্রলীগ নেতা। সম্প্রতি তিনি নিজ বাড়িতে এসেছেন বলে তথ্য পায় পুলিশ। এর ভিত্তিতে বুধবার রাতে সেখানে আকস্মিক অভিযান চালানো হয়। পরে তাকে হেফাজতে নিয়ে আক্কেলপুর থানায় আনা হয়।আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, নাশকতার মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর নিজ এলাকায় ফিরে গ্রেপ্তারের এ ঘটনায় স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে। তবে কোন নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।