কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।আটকের আগে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে আসেন এই অভিনেত্রী। এ সময় তাকে অঝোরে কান্নাকাটি করতে দেখা যায়। তার ফেসবুক লাইভের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
ডিবির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির জানান, কিছু অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য জ্যোতিকা জ্যোতিকে নিয়ে যাওয়া হচ্ছে। এ বিষয়ে বৃহস্পতিবার সকালে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সমালোচিত হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর অ্যাডমিন ছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। ওই গ্রুপকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল।
এ ছাড়া নিজের একটি ভিডিওতে জ্যোতিকা জ্যোতি দাবি করেছিলেন, শিক্ষাজীবনে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি ২০১৯ সাল থেকে আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটিতে দায়িত্ব পালন করছেন বলেও জানা গেছে।আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ এবং বিতর্কিত হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন থাকার বিষয়টি সামনে আসার পর তার আটকের ঘটনা নতুন করে আলোচনায় এসেছে।তবে তাকে আটকের ঘটনায় ঠিক কোন অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে ডিবির পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি।