কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বরিশাল নগরীর বটতলা এলাকার বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাসভবনের নিচে থাকা নিরাপত্তাকর্মীর কক্ষ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে একদল বিক্ষুব্ধ মানুষ নানকের বাসভবনে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে বাড়ির জানালার কাচ ভেঙে যায়। একপর্যায়ে তারা বাসভবনের নিচে থাকা গার্ডের কক্ষে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া বাড়ির সামনে থাকা কয়েকটি সাইনবোর্ডেও অগ্নিসংযোগ করা হয়।
স্থানীয় সূত্রের দাবি, গার্ডের কক্ষটি আংশিক ক্ষতিগ্রস্ত হলেও বাসভবনের বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা এবং বিএনপির সংসদ সদস্যসহ নেতাকর্মীদের বাসায় অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুরসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাসভবনেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, নানকের বাসভবনে আগুন দেওয়ার খবর তিনি শুনেছেন। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানতে পারেননি।