জাতীয় সংলাপ করতে হলে আওয়ামী লীগকেও আলোচনার টেবিলে রাখতে হবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
মঙ্গলবার রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগকে বাইরে রেখে আলোচনা হতে পারে, তবে সেটিকে জাতীয় সংলাপ বলা যাবে না।
রুমিন ফারহানা বলেন, দেশের বিপুলসংখ্যক মানুষ আওয়ামী লীগের সমর্থক। তাঁর দাবি, দেশে প্রায় ৪০ শতাংশ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। শেখ হাসিনা দেশ ছাড়ার সময়ও দলটির সমর্থন ২৫ শতাংশ ছিল বলে একটি জরিপের তথ্য উল্লেখ করেন তিনি।
আওয়ামী লীগকে আলোচনার টেবিলে আনার আগে অপরাধ স্বীকার বা ক্ষমা চাওয়ার প্রয়োজন আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে তাদের আলোচনায় আনতে হবে এবং একই সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
তবে আওয়ামী লীগ অপরাধ করেছে কি না, এমন প্রশ্নে রুমিন ফারহানা বলেন, ‘সার্টেইনলি’, অর্থাৎ অবশ্যই। তিনি আরও বলেন, যারা অপরাধ করেছে, তাদের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি দলটি নিজেদের কর্মকাণ্ড নিয়ে অনুতপ্ত কি না, সেটিও আলোচনায় আসা প্রয়োজন।
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে এই সংসদ সদস্য বলেন, সামনের পরিস্থিতি এখনো অনেকটা অনিশ্চিত। তাঁর ধারণা, জানুয়ারির মধ্যে অনেক কিছু পরিষ্কার হতে পারে।
রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক দূরত্ব ও বিভাজন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। রুমিন ফারহানা বলেন, রাজনৈতিক মত ও পথের পার্থক্য থেকে সমাজে বিভক্তি ও সহিংসতা তৈরি হচ্ছে। রাজনীতিবিদদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও আলোচনার পরিবেশ ফিরিয়ে আনা জরুরি।