প্রত্যেক সংসদ সদস্যকে নিজ নিজ নির্বাচনি এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার বিএনপির সংসদীয় দলের বৈঠকে দলীয় সংসদ সদস্যদের এ নির্দেশনা দেন তিনি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে বুধবার দুপুর আড়াইটায় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নেন।
সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকের মূল মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বৈঠকে অংশ নেওয়া সংসদ সদস্যদের বরাতে জানা গেছে, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, পোশাকশিল্পের অবস্থা এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় গিয়ে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং এলাকার সমস্যা ও সম্ভাবনার বিষয়ে খোঁজখবর নেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
সংশ্লিষ্টরা জানান, সরকারের উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি এবং জনগণের প্রত্যাশা সম্পর্কে সংসদ সদস্যদের আরও সক্রিয় ভূমিকা রাখার বিষয়েও আলোচনা হয়েছে।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। অধিবেশন শুরুর আগে সরকারি দলের সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। চলতি অধিবেশনে এটি ছিল সরকারি দলের দ্বিতীয় বৈঠক।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের চলতি অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত সরকারদলীয় সব সংসদ সদস্যকে যথাসময়ে সংসদে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সংসদের দৈনন্দিন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বানও জানান তিনি।
রোববার জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এক অফিস আদেশের মাধ্যমে প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা জানান। ওই নির্দেশনায় দেশের বাইরে অবস্থানরত সরকারদলীয় সংসদ সদস্যদের দ্রুত দেশে ফিরে সংসদের চতুর্থ অধিবেশনে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।
সব মিলিয়ে সংসদের কার্যক্রমে উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি এবার নিজ নিজ নির্বাচনি এলাকায় গিয়ে জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানোর নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

